২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন ফ্রি সারাবে অ্যাপল!

অ্যাপলের ইতিহাসে বিরল ঘটনাই বটে। পুরনো আইফোন ৫-এর ত্রুটিপূর্ণ পাওয়ার বাটন বিনামূল্যেই পাল্টে দেওয়ার ঘোষণা দিয়েছে ওই মার্কিন টেক জায়ান্ট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 05:58 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পাওয়ার বাটন নিয়ে ভোগান্তিতে থাকলে আইফোন ৫ মালিকদের অ্যাপলের সাপোর্ট ওয়েবসাইটে পোস্ট করতে হবে আইফোনটির সিরিয়াল নম্বর। আর ‘এলিজিবল’ হলে বিনামূল্যে ওই পাওয়ার বাটন পাল্টে দেবে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের দাবি, খুব অল্প সংখ্যক আইফোন ৫ ক্রেতা পাওয়ার বাটন নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। ঠিকমতো কাজ করছে না বাটনগুলো। ক্ষেত্র বিশেষে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে।

অ্যাপলের ইতিহাসে এ ধরনের ‘ফ্রি সার্ভিসিং’-এর ঘটনা বেশ বিরল হলেও এবারই প্রথম নয়।

২০১৩ সালের অক্টোবরেই ম্যাকবুক এয়ারের ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ নিয়ে জটিলতার কারণে প্রায় একই ধরনের সেবা দিয়েছিল অ্যাপল।

২০১১ সালে ম্যাকবুকের ম্যাগসেইফ পাওয়ার অ্যাডাপ্টারও পাল্টে দিয়েছিল অ্যাপল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা অ্যাপলের এই ‘ফ্রি সার্ভিসিং’ সেবা পাবেন ২৬ এপ্রিল থেকেই। আর আন্তর্জাতিক বাজারের ক্রেতারা এই পাবেন ২ মে থেকে। এর জন্য স্মার্টফোনগুলো নিয়ে যেতে হবে অ্যাপলের স্থানীয় রিটেইল স্টোরে অথবা অফিশিয়াল ডিলারের কাছে। সরাসরি মেইলও করা যাবে অ্যাপলের কাছে।