স্যামসাংয়ে উদ্বিগ্ন ছিল অ্যাপল শীর্ষ!
টেক জায়ান্ট অ্যাপল বনাম ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের পেটেন্ট মামলা যুক্তরাষ্ট্রে শুরু হওয়ার মাত্র দুই কার্যদিবসের মধ্যেই বের হয়ে এসেছে অ্যাপলের বিভিন্ন অভ্যন্তরীন আলোচনা।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে পেশ করা এক নথি থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনের বাজার প্রতিযোগিতার বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত ছিলেন অ্যাপলের কর্মকর্তা-কর্মচারীরা।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট ফিল শিলারের ক্রস-এক্সমিনেশানে উঠে এসেছে তার ২০১৩ সালে পাঠানো এক ইমেইল। সে ইমেইলে তিনি স্যামসাং স্মার্টফোন ও তার বাজার চাহিদা নিয়ে বেশ চিন্তিত এমনটাই লিখেছিলেন অ্যাপলের বিজ্ঞাপনী সংস্থাকে।
অ্যাপলের বিজ্ঞাপন এজেন্সি মিডিয়া আর্টস ল্যাবরেটরিসকে পাঠানো ২০১৩ সালের ওই ইমেইলে শিলার জানিয়েছিলেন, তিনি স্যামসাংয়ের নতুন আকর্ষণীয় বিজ্ঞাপন দেখেছেন এবং তার মনে হয়েছে স্যামসাংয়ের কর্মচারীরা নিজেদের পণ্য অনুভব করতে পারছেন যেখানে তাদেরকে আইফোনের বিস্তারিত প্রচার করতেই প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। ইমেইলটির একটি অংশে শিলার লিখেছিলেন, দ্রূত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা প্রয়োজন।
অন্যদিকে আরও কিছু নথির মধ্যে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা, সাবেক সিইও এবং প্রয়াত প্রযুক্তিগুরু স্টিভ জবসের ২০১০ সালের ২৪ অক্টোবরে লেখা এক ইমেইলও রয়েছে। সে ইমেইলে তিনি অ্যাপলের জন্য ভবিষ্যতে কী কী পরিকল্পনা করেছেন সেসব বিষয় উল্লেখ করা আছে। ইমেইলটিতে আইফোন থেকে শুরু করে অ্যাপল টিভি ও অ্যাপল টিভির পরবর্তী সংস্করণকেও কীভাবে জনপ্রিয় করা যেতে পারে সেসব ব্যাপারেও জবস আলোচনা করেছেন। এ ছাড়াও ইমেইলটিতে প্রতিযোগিতামূলক ইস্যুর ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা এবং গুগলের সঙ্গে আইনি লড়াইয়ে যাওয়ার প্রসঙ্গও রয়েছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
