কেমন হবে আগামী আইফোন?
সম্ভবত সেপ্টেম্বরেই আসছে আইফোনের পরবর্তী ভার্সন আইফোন ৬। সম্ভাব্য দুটি মডেলের একটির পর্দা হবে ৪.৭ ইঞ্চি অপরটির ৫.৭ ইঞ্চি। লন্ডন থেকে প্রকাশিত মেট্রো ডটকো ডটইউকে জানিয়েছে, আইফোনের পরবর্তী ভার্সন হবে এ যাবতকালের সবচেয়ে পাতলা স্মার্টফোন।
সম্প্রতি আইফোন ডিজাইনারের স্কেচ করা মডেল ফাঁস হয়ে যাওয়ার পর পরবর্তী আইফোন কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা রকম গুঞ্জন।
জাপান থেকে প্রকাশিত ম্যাক ম্যাগাজিনে প্রথম আইফোন ৬ নিয়ে গুজব শুরু হয়। পরবর্তীতে ওই ছবিগুলো বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাপানিজ ম্যাক ব্লগ ম্যাক ওটাকারাও একই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল।
আইফোন তৈরির কাজ পাওয়া তাইওয়ানভিত্তিক কোম্পানির নাম প্রকাশ না করে মেট্রো জানিয়েছে, আইফোন ৬-এ থাকবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। বর্তমানে আইফোন ৫ ও ৫এস-এ রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন মডেলের আইফোনকে তুলনা করা হয়েছে ম্যাকবুক কিংবা আইপ্যাড এয়ারের সঙ্গে। ডিভাইসটির পুরুত্ব হতে পারে ৭.১ মিলিমিটার, এটি আইফোন ৫এস এর চেয়ে অন্তত ৫ মিলিমিটার পাতলা। ৫.৭ ইঞ্চি পর্দার আইফোনকে ফ্যাবলেট হিসেবে দেখা যাবে। যাতে থাকবে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের সুবিধা।
আকার আকৃতির মধ্যে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যেমন ভলিউম বাড়ানো ও কমানোর জন্য দুটি বাটনের পরিবর্তে একটি বাটন দেওয়া হতে পারে।
