২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেইল-নজরদারি বন্ধ করছে মাইক্রোসফট

হটমেইলে নজরদারি নিয়ে সমালোচনার মুখে একই সঙ্গে কোম্পানি পলিসি এবং কাস্টমার টার্মস অফ সার্ভিসে পরিবর্তন এনেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

‘অনৈতিক নজরদারির জন্য’ ব্যবহারকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে মাইক্রোসফটের জেনারেল কাউন্সিল।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের জেনারেল কাউন্সেল সদস্য ব্রাড স্মিথ কোম্পানি পলিসি এবং কাস্টমার টার্মস অ্যান্ড সার্ভিস পরিবর্তনের ঘোষণা দেন শুক্রবার।

এ ব্যাপারে স্মিথ বলেন, “কেউ আমাদের সার্ভিস ব্যবহার করে মাইক্রোসফট থেকে চুরি হওয়া ডেটা হাতবদল করছে জানতে পারলেও ব্যবহারকারীর ব্যক্তিগত কন্টেন্টে নিয়ে তদন্ত চালাবো না আমরা, বরং সেই দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ছেড়ে দেব।”

সম্প্রতি সাবেক এক মাইক্রোসফট কর্মী প্রতিষ্ঠানটির গোপন ‘ট্রেড সিক্র’ চুরি করে হটমেইলের মাধ্যমে ফরাসী এক ব্লগারের কাছে পাচার করার ঘটনায় ওই দুই ব্যক্তির হটমেইলের অ্যাকাউন্টে যথাযথ অনুমতি ছাড়াই অনুপ্রবেশ করেছিল মাইক্রোসফট। ওই সাবেক কর্মী গ্রেপ্তার হওয়ার পর প্রকাশ পায় অনুমতি ছাড়াই মাইক্রোসফটের ওই ‘গুপ্তচরগিরির’ খবর।

ওই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পরে মাইক্রোসফট। টেক সমালোচক আর সাধারণ ব্যবহারকারী উভয় পক্ষের সমালোচনার মুখে অবশেষে এই পরিবর্তন আনলো প্রতিষ্ঠানটি।

ওই ঘটনার পর নাম পাল্টে হটমেইল হয়েছে আউটলুক ডটকম। মাইক্রোসফটের নতুন কোম্পানি পলিসিও কার্যকর হয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গেই। তবে নতুন কাস্টমার টার্মস অ্যান্ড সার্ভিস কার্যকর হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন স্মিথ।