২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে গুগলের কাছে তথ্য দাবী দ্বিগুন

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতবদলের জন্য গুগলের কাছে সরকারি অনুরোধের সংখ্যা ৪ বছরের বেড়েছে শতকরা ১২০ ভাগ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

এজন্য অনেকসময়ই ‘ক্ষমতার অপ-ব্যবহার’ করতেও পিছপা হচ্ছে বিভিন্ন দেশের সরকার। অর্ধবার্ষিক ট্রান্সপারেন্সি রিপোর্টে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়েছে গুগল।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী কেবল ২০১৩ সালেই বিভিন্ন সরকারের কাছ থেকে ডেটা হাতবদলের অনুরোধ এসেছে ৫৩ হাজার ৩শ’ ৫৬টি। এর মধ্যে সিংহভাগই এসেছিল মার্কিন সরকারের কাছ থেকে। তবে, গোয়েন্দা সংস্থা এনএসএর বিভিন্ন সাইবার অভিযানের তথ্য যোগ করা হয়নি ওই রিপোর্টে।

২০০৯ সাল থেকে ওই অর্ধবার্ষিক ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে আসছে গুগল। ওই রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৩ সালে ব্রিটিশ সরকারের ৬৯ শতাংশ অনুরোধে সাড়া দিয়ে তথ্য সরবরাহ করেছে গুগল। মার্কিন সরকারের ক্ষেত্রে ওই হার ৮৩ শতাংশ।

এ ব্যাপারে গুগলের আইনবিভাগের পরিচালক রিচার্ড সালগাদো বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করি ব্যবহারকারীদের ডেটা হাতবদলের জন্য সরকারি অনুরোধগুলো ফিরিয়ে দেওয়ার। কিন্তু ব্যবহারকারীদের ডেটার জন্য আইনি নিরাপত্তাও প্রয়োজন। তাই আরও ৮টি প্রতিষ্ঠানের সঙ্গে নজরদারি ব্যবস্থা পুন:গঠন এবং পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে কাজ করছি আমরা।”

সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন গোয়েন্দা মার্কিন সংস্থাটির অনৈতিক গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস করার পর থেকেই ফেইসবুক, মাইক্রোসফট এবং টুইটারের মতো জায়ান্টদের সঙ্গে জোট বেঁধে নজরদারি ব্যবস্থা পুন:গঠন এবং স্বচ্ছতা আনতে কাজ করছে গুগল।

অন্যদিকে শুক্রবারেই প্রকাশিত ভিন্ন এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে সংবাদকর্মী এবং সংবাদমাধ্যমগুলোর উপর সরকার সমর্থিত সাইবার আক্রমণের বিস্ময়কর তথ্য। গুগল কর্মী শেইন হান্টলিএবং মরগ্যান মারকুইস-বয়্যারের তৈরি ওই প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ২৫ সংবাদসংস্থার ২১টির উপর সরকার সমর্থিত সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে ওই প্রতিবেদন প্রকাশ করেন ওই দুই গুগল কর্মী। এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্সকে হান্টার বলেন, “আপনি যদি একজন সংবাদকর্মী অথবা সংবাদসংস্থা হয়ে থাকেন তবে সরকার সমর্থিত সাইবার আক্রমণের শিকার আপনি হবেনই। বিশ্বের সবখানেই ঘটছে এই ঘটনা।”