২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির দায়ে গ্রেপ্তার সাবেক মাইক্রোসফট কর্মী

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ‘ট্রেড সিক্রেট’ চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফাইভনাইন সফটওয়্যারের ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং সাবেক মাইক্রোসফট কর্মী অ্যালেক্স কিবকালো। বুধবার গেপ্তার হন তিনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

কিবকালোর বিরুদ্ধে অভিযোগ, মাইক্রোসফটে কাজ করার সময় উইন্ডোজ ৮ সম্পর্কিত বিভিন্ন গোপন তথ্য ফ্রান্সের এক ব্লগারের কাছে পাচার করেছেন তিনি।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কিবকালোর বিরুদ্ধে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করা হয় ১৭ মার্চ । রাশিয়ান বংশোদ্ভুত কিবকালোর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করেন মাইক্রোসফটের নিজস্ব তদন্তকারী।

বাজারে আসার আগেই কিবকালো উইন্ডোজ ৮ আরটি, এআরএম ডিভাইসের সফটওয়্যার আপডেট  এবং মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) প্রথমে ওয়াশিংটন অঙ্গরাজ্যে রেডমন্ডের একটি কম্পিউটারে এবং পরে নিজের স্কাইড্রাইভ অ্যাকাউন্টে আপলোড করেন। পরে ফাইলগুলোর লিংক ফ্রান্সের ওই ব্লগারকে পাঠিয়ে দেন বলে বেরিয়ে এসেছে মাইক্রোসফটের তদন্তে।

মাইক্রোসফটের অভিযোগে বলা হয়েছে, “ব্লগিং সাইটগুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রি-রিলিজ ভার্সনের স্ক্রিনশট পোস্ট করে বেশ পরিচিত ওই ব্লগার।”  মাইক্রোসফটের বিভিন্ন গোপন তথ্য তার নিজস্ব ওয়েবসাইট এবং টুইটারেও শেয়ার করেছিলেন নাম গোপন রাখা ওই ব্লগার।

মামলার আরও বলা হয়েছে কিবকালো মাইক্রোসফটে কাজ করেছেন ৭ বছর। কিবকালোর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২০১৩ সালের অগাস্ট মাসে ফাইভনাইন সফটওয়্যারে যোগ দেন তিনি। মাইক্রোসফটে কাজ করার কথাও বলা আছে তার প্রোফাইলে।