২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের বিরুদ্ধে শিক্ষার্থীদের মামলা

এবার টেক জায়ান্ট গুগলকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরাই। গুগল জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইমেইলগুলোর উপর যেভাবে নজরদারি করে তা বেআইনি অভিযোগ এনে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একদল শিক্ষার্থী।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 06:50 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অ্যাপস ফর এডুকেশান স্যুট’ সেবা গ্রাহক স্কুলের শিক্ষার্থীদের ইমেইল স্ক্যান করার ব্যাপারটি নিশ্চিত করেছে গুগল। অ্যাপস ফর এডুকেশন হল গুগলের ফ্রি ওয়েবভিত্তিক টুল, বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ কোটি শিক্ষার্থী। টুলটির অংশ হিসেবে ব্যবহার করা যায় গুগলের ই-মেইল সার্ভিস জিমেইল। আর ওই টুলের  জিমেইল অ্যাকাউন্টগুলো থেকে আদান-প্রদান করা ইমেইলগুলোর উপর নজরদারি করছিল গুগল।

মার্কিন ম্যাগাজিন এডুকেশান উইককে দেওয়া এক গুগল প্রতিনিধির বক্তব্য অনুযায়ী, অ্যাপস ফর এডুকেশন টুল ব্যবহারকারীদের সব ইমেইলই স্ক্যান করে থাকে প্রতিষ্ঠানটি। আর স্ক্যান করে পাওয়া তথ্য মূলত ব্যবহার করা হয় বিজ্ঞপনের কাজে।

গুগলের সবচেয়ে বিতর্কিত ব্যবসা নীতিগুলোর মধ্যে এটি একটি। গুগলের এই ব্যবসা নীতি মার্কিন আইন বিরোধী বলে অভিযোগ এনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ৯ মার্কিন শিক্ষার্থী। মামলায় ওই শিক্ষার্থীরা জিতলে জিমেইল ব্যবহারকারীদের বিপুল পরিমাণ জরিমানা দিতে হতে পারে গুগলকে।

বিজ্ঞাপনের নামে জিমেইলের উপর গুগলের নজরদারির কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচিত হয়েছে গুগল। এমনকি গুগলকে নিয়ে সমালোচনা করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও।