স্যামসাং আনল সেলফি ক্যামেরা!
সেলফিপ্রেমীদের ভালোভাবে ছবি তোলার সুযোগ করে দিতে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন ক্যামেরা এনএক্স মিনি। ভালো মানের সেল্ফি তুলতে যা যা প্রয়োজন তার সবই আছে এ ক্যামেরাটিতে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এনএক্স মিনি এতোটাই পাতলা যে, স্যামসাংকে এটির জন্য ভিন্ন প্রক্রিয়ার লেন্স সিস্টেম তৈরি করতে হয়েছে।
মাত্র ০.৮৯ ইঞ্চি পুরুত্বের এ ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ফিক্সড লেন্স। এছাড়াও ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব হবে এর এলসিডি স্ক্রিন। ফলে নিজের ছবি তোলার সময়ই স্ক্রিনে দেখতে পারবেন ব্যবহারকারী। এছাড়াও ক্যামেরাটির এক ইঞ্চি সেন্সর ২০.৫ মেগাপপিক্সেলের ছবি তুলতে এবং ১০৮০পি ফরম্যাটে ভিডিও ধারণ করতে সক্ষম বলেই প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
সেলফি তোলার পর তা শেয়ার করার জন্য প্রয়োজনীয় টুলসও থাকছে এনএক্স মিনিতে। নয় মিলিমিটার লেন্সসহ এনএক্স মিনির দাম পড়বে ৪৪৯ ডলার এবং ৯-২৭ মিলিমিটার লেন্সসহ ক্যামেরাটির দাম পড়বে ৫৪৯ ডলার।
