ইন্টারনেটের নিয়ন্ত্রণ ছাড়ছে মার্কিন সরকার!
অবশেষে বন্ধ হচ্ছে ইন্টারনেটের উপর মার্কিন সরকারের ‘খবরদারি’। বিকল্প তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকারের বাণিজ্য বিভাগ।
এর মধ্যেই ক্ষমতা হস্থান্তরের প্রক্রিয়া শুরু করতে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)-এর সহযোগিতাও চেয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিয়ন্ত্রণ ছাড়ার পর ইন্টারনেট দেখভালের দায়িত্বে থাকবে প্রাইভেট কোম্পানি আর মার্কিন সরকার উভয়পক্ষের প্রতিনিধি-- এমনটাই চাইছে বাণিজ্য বিভাগ।
১৯৯৮ সাল পর্যন্ত ইন্টারনেট নেটওয়ার্কের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল মার্কিন সরকারের হাতে।
১৯৯৮ সালে আইসিএএনএন সৃষ্টি করে ধীরে ধীরে ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা হস্তান্তর শুরু করে মার্কিন সরকার।
মার্কিন সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ইন্টারনেট নেটওয়ার্কের দেখভালের কাজ করে থাকে আইসিএএনএন। মার্কিন সরকারের কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই আইসিএএনএন কাজ করবে এমনটাই চাইছে মার্কিন সরকার।
“মার্কিন সরকারের নজরদারিহীন ইন্টারনেট নেটওয়ার্কের দীর্ঘদিনের প্রত্যাশা সত্যি হতে চলেছে।”-- মন্তব্য করেছেন আইসিএএনএন চেয়ারম্যান স্টিফেন ক্রোকার। এখন সেই প্রত্যাশা কার্যকর করার পথটি বিশ্বের ‘স্টেকহোল্ডার কমিউনিটির’ উপর নির্ভর করছে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন তিনি।
ক্ষমতা হস্তান্ততরের প্রক্রিয়া এবং পরবর্তী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন দেশের সরকার, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, নাগরিক অধিকারবিষয়ক সংগঠন এবং ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো হয়েছে আইসিএএনএনের পক্ষ থেকে। ইন্টারনেট নেটওয়ার্কের দেখাশোনার দায়িত্ব নিয়ে নতুন বোর্ড যাত্রা শুরু করবে ২০১৫ সালের সেপ্টম্বর মাস নাগাদ। মার্কিন সরকারের সঙ্গে আইসিএএনএনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ওই সময়েই।
সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা বিভিন্ন নথিতে ইন্টারনেট নেটওয়ার্কের উপর এনএসএ এবং মার্কিন সরকারের অনৈতিক নজরদারির খবর প্রকাশ হওয়ার পর থেকেই চাপের মুখে আছে মার্কিন সরকার। ইন্টারনেটে মার্কিন সরকারের খবরদারির বিরুদ্ধে মুখ খুলেছেন বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্যক্তি। ‘মার্কিন সরকারের নজরদারি বন্ধ হতেই হবে’ ফেব্রুয়ারি মাসে এমন মন্তব্য করেছিলেন টেলিকমিউনিকেশান পলিসি নির্ধারণের দায়িত্বে থাকা ইউ কমিশনার নেলি ক্রোয়েস।
