ইন্টারনেটের হুমকি মার্কিন সরকার: জাকারবার্গ
ইন্টারনেট নিরাপত্তার জন্য মার্কিন সরকার হুমকি বলে মন্তব্য করেছেন শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার নিজের ফেইসবুক প্রোফাইলের এক পোস্টে সাম্প্রতিক সময়ে ইন্টারনেট নিয়ে মার্কিন সরকারের সার্বিক অবস্থানের সমালোচনা করে ওই মন্তব্য করেন তিনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের ওই পোস্টে ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ফেইসবুকের বিভিন্ন পদক্ষেপের কথাও বলেছেন জাকারবার্গ। আর বারবার ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপের কারণে মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি।
মার্কিন সরকার “ইন্টারনেট চ্যাম্পিয়ন” হওয়ার বদলে ইন্টারনেটের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে জাকারবাবার্গ বলেন, “ইন্টারনেট নিয়ে মার্কিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে স্ম্প্রতিক খবরগুলোতে আমি রিতীমতো হতাশ ও বিভ্রান্ত। আমাদের ইঞ্জিনিয়াররা ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে লাগাতার। আমরা আসলে সাইবার অপরাধীদের কাছ থেকে নিরাপত্তা দিতে কাজ করছি কিন্তু সরকারের কাছ থেকে নয়।”
ফেইসবুকের ওই পোস্টে এই ইস্যুতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন জাকারবার্গ। তবে প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে তেমন কার্যকর কোনো পদক্ষেপের আশা করছেন না জাকারবার্গ। সার্বিক পরিস্থিতির পরিবর্তনের জন্য ‘অনেকটা সময়’ অপেক্ষা করতে হবে বলেই মন্তব্য করেছেন তিনি।
ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিশ্চিত করা ফেইসবুকের জন্য একটি স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একাধিক মার্কিন প্রতিষ্ঠান এনএসএকে গোপনে ইউজার ডেটা সরবরাহ করেছে এমন খবর প্রকাশের পর সমালোচনার আঙুল উঠেছিল ফেইসবুকের দিকেও। বরাবরই ব্যবহারকারীদের ডেটা বেহাতের সম্ভবনা নাকচ করে দিয়ে এসেছে ফেইসবুক।
