দাম কমলো গুগল ড্রাইভের
ক্লাউড স্টোরেজ ‘গুগল ড্রাইভের’ দাম কমিয়েছে টেক জায়ান্ট গুগল। বৃহস্পতিবার ক্লাউড স্টোরেজে দাম কমানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এখনও ১৫ জিবি পর্ডন্ত ডেটা ব্যবহারকারীরা গুগল ড্রাইভে জমা রাখতে পারবেন বিনা খরচে। ১০০ জিবি স্টোরেজের দাম ৪.৯৯ ডলার থেকে কমিয়ে ১.৯৯ ডলার করেছে গুগল। ১ টেরাবাইটের দাম ৪৯.৯৯ থেকে কমিয়ে করা হয়েছে ৯.৯৯ ডলার। আর ১০ টেরাবাইট বা তারও বেশি স্টোরেজ ব্যবহারের জন্য খরচ করতে হবে সর্বনিম্ন ৯৯.৯৯ ডলার।
গুগলের ক্লাউডস্টোরেজটিতে ডক, জিমেইল এবং গুগল+ এর ফটোর মতো বিভিন্ন ফাইল জমা রাখতে পারেন এর সেবাগ্রাহকরা। যারা আগে থেকেই গুগলের ক্লাউড স্টোরেজটি ব্যবহার করছেন তারাও এই মূল্যহ্রাস সুবিধা পাবেন।
সাম্প্রতিক সময়ে প্রোডাক্টিভিটি সার্ভিসগুলোর গ্রাহক বাড়াতে উঠে পরে লেগেছে গুগল। গুগলের নতুন ‘বাউন্টি প্রোগ্রামের’ অংশ হিসেবে এন্টারপ্রাইজ অ্যাপ স্যুটে নতুন ব্যবহারকারীদের সাইনআপ করাতে পালেই ১৫ ডলার পাচ্ছেন পুরানো ব্যবহারকারীরা। এছাড়াও মঙ্গলবার গুগল ড্রাইভ এবং শিটস এর জন্য আলাদা অ্যাড-অন স্টোর চালু করার ঘোষণাও দিয়েছিল গুগল।
