২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে গুগলের এনক্রিপ্টেড সার্চ

চীনের ব্যবহারকারীদের জন্য এনক্রিপ্ট সার্চ সেবা শুরু করেছে সার্চ জায়ান্ট গুগল। মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসর মতো বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সাইবার অপরাধীদের নজনদারি এড়িয়ে ইন্টারনেটে ব্যবহারকারীদের ব্রাউজিং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে ওই একই সেবা দিয়ে আসছে ২০১০ সাল থেকে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনক্রিপ্ট সার্চ সেবা চালু করার পেছনে সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিপত্রের থেকে পাওয়া তথ্যের কথা বলেছেন গুগল মুখপাত্র নিকি ক্রিস্টফ।

২০১৩ সালের গ্রীস্মে স্নোডেনের ফাঁস করা নথী অনুযায়ী গুগল সহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের ডেটা সেন্টার থেকে অবাধে তথ্য সংগ্রহ করছিল এনএসএ। ওই ঘটনা নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানো যে কতোটা গুরুত্বপূর্ণ তা দেখিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ক্রিস্টফ।

ক্রিস্টফ আরও জানিয়েছেন, গত কয়েক মাসে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে গুগল, “এনক্রিপ্ট সার্চ তারই একটি অংশ মাত্র”। চীন কর্তৃপক্ষের সঙ্গে রেষারেষির কারণে ২০১০ সাল থেকে চীন থেকে নিজেদের অফিস তুলে নেয় গুগল। সার্চ ইঞ্জিন হিসেবে চীনের বাজারের মাত্র ৫ শতাংশ আছে গুগলের দখলে।

চীনের বাজারে তেমন দখল না থাকলেও বিশ্বের অন্যদেশগুলোতে শীর্ষস্থান ধরে রেখেছে গুগল। স্নোডেন গোপন নথী ফাঁস করার পর, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছিল ইউরোপ জুড়ে।