২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট শুরু

বাংলাদেশে ‘সম্ভাবনাময় সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে’ শুরু হয়েছে ‘ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪’। বৃহস্পতিবার ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে সকালে এ কথা জানায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ১০-১৪ মার্চ পর্যন্ত জার্মানীর হ্যানোভারে সিবিট মেলায় চলছে এর প্রথম পর্ব।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠেয় নেদারল্যান্ড ও বাংলাদেশ আইটি কোম্পানির মধ্যে বিটুবি বৈঠক এ সামিটের অংশ হিসেবে গণ্য হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়াও ১৭ ও ১৮ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠেয় সেমিনার ও বিটুবি ম্যাচমেকিং বৈঠক, ২০ ও ২১ মার্চ ২০১৪ তারিখে নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় সেমিনার ও বিটুবি ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে প্রায় ২০টি সফটওয়্যার কোম্পানি এসব কর্মসূচিতে সরাসরি অংশ নেবে এবং তারা ডেনমার্কের প্রায় ২০টি এবং নরওয়ের ২৫টি আইটি কোম্পানির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবে।

বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুগল এস্কজায়ের, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হেনরিক ভ্যান উইক, সিবিআই নেদারল্যান্ডস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিক ডি ম্যান, বেসিস পরিচালক ও ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪-এর আহŸয়ক ফাহিম মাশরুর এবং ইনোভেশন নরওয়ের প্রতিনিধি সাঈদ মুনতাসির বায়েজিদ।

“আগামী পাঁচ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানী লক্ষ্যমাত্রা অর্জনে বেসিস আমেরিকা ও ইউরোপে দেশের প্রযুক্তি খাতকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এ সামিট অনুষ্ঠিত হচ্ছে”- জানান বেসিস সভাপতি।

সামিটের অন্যতম স্পন্সর গ্রামীনফোন প্রধাননির্বাহী বিবেক সুদ বলেন, দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বেসিস একটি “সময়োচিত পদক্ষেপ” নিয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং গ্রামীনফোনের সহযোগিতায় অনুষ্ঠেয় ‘ইউরোপ-বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪’ তে সহ আয়োজক হিসেবে রয়েছে টেলিনর, ইনোভেশন নরওয়ে, ড্যানিশ ফেডারেশন অব এসএমই (ডিএফএসএমই)। এ ছাড়াও এ আয়োজনের কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ঢাকাস্থ ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ড দূতাবাস।