২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকে আসছে নতুন অফিস

অ্যাপলের ম্যাক কম্পিউটারের জন্য মাইক্রোসফট অফিস স্যুটের নতুন ভার্সন আনছে এ বছরই। জার্মানির এক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন মাইক্রোসফট নির্বাহী থর্সটেন হুবশেন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 06:18 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক কম্পিউটারের জন্য মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংষ্করণটি বাজারে এসেছিল তিন বছরেরও বেশি সময় আগে। হুবশেনের বক্তব্য অনুযায়ী, এই বছরের শেষ দিকেই বাজারে আসবে ম্যাকের জন্য অফিস স্যুটের নতুন সংস্করণ। জার্মানির হ্যানোভারে চলতি কম্পিউটার ট্রেডশো ‘সিবিট’-এ এক জার্মান সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন তিনি।

তবে অফিন স্যুটের নতুন ম্যাক ভার্সন নিয়ে বিস্তারিত কিছু জানাননি হুবশেন। নতুন পণ্যটি সম্পর্কে আরও জানতে অপেক্ষা করতে হবে বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত- জানিয়েছেন তিনি। হুবশেনের ঘোষণার সত্যতাও নিশ্চিত করেছেন অপর এক মাইক্রোসফট মুখপাত্র।

ম্যাক কম্পিউটারের জন্য অফিস স্যুট তৈরিতে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন ওই মুখপাত্র। বাজারের আসার পর অফিস ৩৬৫ এর ব্যবহারকারীরা নতুন ভার্সন ব্যবহার করতে পারবেন বাড়তি কোনো খরচ ছাড়াই।

ম্যাকের জন্য অফিস সুটের বর্তমান ভার্সনটি বাজারে এসেছিল ২০১০ সালে। আর উইন্ডোজ কম্পিউটারের জন্য অফিস সুটের সর্বশেষ ভার্সনটি বাজারে এসেছিল ২০১৩ সালের জানুয়ারি মাসে।