গেটি ইমেজেসের কোটি ছবি বিনামূল্যে
পাইরেসি বন্ধে এক অভিনব উদ্যোগ নিয়েছে গেটি ইমেজেস। নিজস্ব সংগ্রহশালার সাড়ে তিন কোটি ছবি ব্লগ ও সামাজিক মাধ্যমে বিনামূল্যে ব্যবহারের জন্য জন্য উন্মুক্ত করে দেবে বিশ্বের বৃহত্তম ফটো এজেন্সি হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উন্মুক্ত করা প্রতিটি ছবিতে গেটি ওয়েবসাইটের লিংক কোড দেওয়া থাকবে। লিংকটি কপি পেস্ট করার মাধ্যমে পছন্দের ছবি শেয়ার করা যাবে।
গেটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা অনুমতিতে তাদের ছবি অহরহ ব্যবহার করা হচ্ছে বলেই তারা এ পদক্ষেপ নিয়েছে।
‘লোকজন সাধারণত আমাদের সাইটে গিয়ে ছবিতে রাইট ক্লিক করেন এবং সেটি সেভ করে রাখেন। অথবা তারা গুগল সার্চ করে ছবি নামিয়ে নেন।’-- বলেন গেটির বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ক্রেইগ পিটার্স।
উন্মুক্ত এসব ছবিতে মেরিলিন মনরো থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুর্লভ ছবিও থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
টুইটার এবং টাম্বলারেও শেয়ার করা যাবে এসব ছবি। ছবি শেয়ারকারীদের জন্য নিজেদের পছন্দের ক্যাটাগরির ছবি সংগ্রহের সুযোগও থাকবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ৯/১১ এর ছবিসহ, চীনের তিয়েনআমেন স্কয়ারের ১৯৮৯ সালের বিক্ষোভের ছবিও এসব ছবির মধ্যে থাকছে। প্রতিটি ছবিতে ফটোগ্রাফারের পরিচিতির পাশাপাশি গেটি লোগোর জলছাপ থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে ফটো-সাংবাদিক ড্যানিয়েলা বোকের জানিয়েছেন, অনেক ফটোগ্রাফারই গেটির এ পদক্ষেপে সন্তুষ্ট নন। তবে তার ধারণা এর পেছনে গেটির অবশ্যই কোনো বড় পরিকল্পনা রয়েছে। এজেন্সিটি কোনো না কোনো উপায়ে অর্থ ঠিকই আয় করবে।
তবে বিনামূল্যে ছবি শেয়ারের জন্য ছাড়লেও বাণিজ্যিক ব্যবহারের জন্য, বিশেষ করে পত্রিকায় ব্যবহারের জন্য এখনও গেটির কাছ থেকে ছবি কিনতে হবে বলে জানিয়েছে বিবিসি।
