২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যামার-দখলে ব্যাংকের পুরনো সাইট

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের অনেক ব্যাংকের প্রাক্তন ওয়েবসাইটের নিয়ন্ত্রণ এখন স্প্যামার এবং ভাইরাস রাইটারদের হাতে। এসব সাইটগুলো এক সময় ব্যাংকগুলো ব্যবহার করলেও এখন তা ক্ষতিকারক কাজে ব্যবহার করছেন সাইবার অপরাধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 07:13 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যাংকের দেউলিয়া, মালিক পরিবর্তন ও ডোমেইন নেমের খরচ পুনরায় পরিশোধ না করা সংক্রান্ত কারণে এসব সাইটগুলো এখন আবার সহজেই কিনে নেওয়া যাচ্ছে।

এর ফলে সাইবার অপরাধীরা সাইটগুলোর পূর্ব সুনামের সুযোগ নিয়ে স্প্যাম ছড়াচ্ছেন ও সার্চ ফলাফলে প্রভাব ফেলছেন। এমনকি স্বল্পসংখক কিছু সাইটে ম্যালওয়ার ছড়িয়ে রাখা হয়েছে, যার ফলে সাইটে প্রবেশকারীর কম্পিউটার ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে।

ইউনিভার্সিটি অফ কেমব্রিজের অধ্যাপক রিচার্ড ক্লেইটন ও ডালাসের সাউথার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির অধ্যাপক টাইলার মুরের এ সংক্রান্ত গবেষণার তথ্য অনুযায়ী, গত দশকে যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার দুশ’ ব্যাংক বন্ধ হয়ে গেছে। এসব ব্যাংকগুলোর এক তৃতীয়াংশ অর্থাৎ এক হাজার ৩০টি সাইট সাইবার অপরাধীরা ব্যবহার করছে। এ সাইটগুলোর কোনোটি ভুয়া অনলাইন ফার্মেসি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার কোনোটি পর্নো সাইট প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সার্চ ফলাফলে প্রভাব ফেলতে ও হ্যাকিংয়ের শিকার ব্যক্তিগত কম্পিউটারের নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রাখতেও কিছু সাইটকে কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে সর্বমোট ১১টি সাইট পাওয়া গেছে যা ভাইরাস ছড়াচ্ছে।

এ প্রসঙ্গে গবেষকরা জানিয়েছেন, ব্যাংকের প্রাক্তন সাইটগুলোর পুনর্ব্যবহার সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠে যখন এ সাইটগুলো বৈধ ব্যাংক সাইটের পরিচিতিতে সাইবার অপরাধীরা পরিচালনা করেন। এ ধরনের সাইট সম্পর্কে সতর্কবাণীও জানিয়েছেন তারা। এ জটিলতার সমাধান হিসেবে গবেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রকদের উচিত এ ডোমেইনগুলোকে গুছিয়ে আনার মাধ্যমে নিশ্চিত করা যে এগুলো ক্ষতিকারক কাজে ব্যবহৃত হবে না।