এবার রকুর স্ট্রিমিং স্টিক
গুগলের ডিজিটাল মিডিয়া প্লেয়ার ক্রোমস্টিকের সঙ্গে টক্কর দিতে কনজিউমার ইলেকট্রনিক পণ্য নির্মাতা রকু বানিয়েছে স্ট্রিমিং স্টিক। টেলিভিশনের এইচডিএমআই পোর্টের সংযোগ দিয়ে ইন্টারনেট থেকে এইচডি ভিডিও স্ট্রিম করে দেখা যাবে স্ট্রিমিং স্টিক থেকে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোন বা ট্যাবলেট থেকে নিয়ন্ত্রণ করা যাবে রকুর এই স্টিক। স্ট্রিমিং স্টিক থেকে ১২শ চ্যানেল অ্যাকসেস করার সুযোগ পাবেন এর ব্যবহারকারী। স্ট্রিম করে দেখা যাবে নেটফ্লিক্স আর ইউটিউব ভিডিও। ডিভাইসটি চালানোর জন্য আছে ফ্রি অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। গুগলের ক্রোমস্টিকের সঙ্গে রকুর স্ট্রিমিং স্টিকের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওয়াই-ফাই রিমোট-কন্ট্রোল থেকেও নিয়ন্ত্রণ করা যাবে এটি।
এ ব্যাপারে রকুর ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিম ফাংক বলেন, “বিপুল পরিমাণ বিনোদনের চাহিদা রয়েছে একজন ভোক্তার। আছে সহজে পছন্দের সিনেমা আর টিভি শো খুঁজে বের করার আর পুরো অভিজ্ঞতাটি রিমোট বা মোবাইল ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণের চাহিদাও। ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে এর সব চাহিদাই মেটাবে রকুর স্ট্রিমিং স্টিক, ভোক্তাকে উপহার দেবে বাড়তি আরও অনেক কিছু।
৩ ইঞ্চির রকুর স্ট্রিমিং স্টিকে আছে সাধারণ স্ট্রিমিং বক্সের সব ফিচার। একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের বাজারে ৪৯.৯৯ ডলার দামের ডিভাইসটি বিক্রি শুরু করেছে রকু। স্ট্রিমিং স্টিকের জন্য অ্যামাজন, বেস্টবাই এবং ওয়ালমার্টের মাধ্যমে প্রি-অর্ডারও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
