২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুতে অ্যাপ-ইনস্টল অ্যাড!

শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকের পদাংক অনুসরণ করে এবার ‘অ্যাপ-ইনস্টল অ্যাড’ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইয়াহু। বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়াতেই এবার এই কৌশলগত পরিবর্তন নিয়ে পরীক্ষা চালাচ্ছে একসময়ের দাপুটে এই ওয়েবজায়ান্ট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের তৈরি অ্যাপ ডাউনলোড করতে ব্যবহারকারীদের উদ্বুদ্ধ করবে এমন একটি বিজ্ঞাপন ব্যবস্থা নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইয়াহু। ফেইসবুকেরও রয়েছে একই ধরনের অ্যাপ-ইনস্টল অ্যাড, নিজেদের কন্টেন্ট ফিডেই বিজ্ঞাপনগুলো দেখিয়ে থাকে ফেইসবুক।

অ্যাপ-ইনস্টল অ্যাডের খবর নিশ্চিত করে সিনেটকে এক ইয়াহু মুখপাত্র বলেন, “ইয়াহু মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের কাছে নিজেদের সেবা পৌঁছে দিতে চান এমন কিছু অ্যাপ নির্মাতা এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে জুটি বেধে ইন-স্ট্রিম অ্যাড নিয়ে পরীক্ষা চালাচ্ছি আমরা। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের অ্যাপ ডাউনলোড বাড়াতে সাহায্য করা।”

ইয়াহু বিজ্ঞাপনখাত থেকে আয় বাড়ানো চেষ্টা করছে বেশ কিছুদিন ধরেই। ফেইসবুক আর গুগলের আধিপত্যে ক্রমশ বাজার হারাচ্ছে ওয়েবজায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১২ সাল পর্যন্ত গুগলের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল অ্যডের বিক্রেতা ছিল ইয়াহু। ২০১৩ সালে ইয়াহুকে হটিয়ে সেই জায়গাটি দখল করে নিয়েছে ফেইসবুক।