২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার কালোবাজারে ৩.৬ কোটি আইডি পাসওয়ার্ড

সাইবার কালোবাজারে বিক্রি হচ্ছে বিপুল পরিমাণ আইডি ও পাসওয়ার্ড। সাইবার সিকিউরিটি গবেষক প্রতিষ্ঠান হোল্ড সিকিউরিটির দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনের কালোবাজারে হাতবদলের অপেক্ষায় আছে কমপক্ষে ৩.৬ কোটি ইউজার ক্রেডিনশিয়ালস।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 04:04 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে, ব্যবহারকারীদের সিংহভাগই জানেন না যে বেহাত হয়ে গেছে তাদের ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং ক্রেডিটকার্ডের পিন নম্বর, অনলাইন ব্যাংকিং এবং কর্পোরেট নেটওয়ার্কের স্পর্শকাতর তথ্য।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হোল্ড সিকিউরিটি প্রতিষ্ঠাতা অ্যালক্স হোল্ডেন জানিয়েছেন, কেবল তিনসপ্তাহের অনুসন্ধানে সাইবার কালোবাজারে বিক্রির অপেক্ষায় থাকা ৩.৬ কোটি আইডি-পাসওয়ার্ড চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। আর এর বেশিরভাগই আছে ‘আনএনক্রিপ্টেড টেক্সট’ হিসেবে।

ওই ৩.৬ কোটি ইউজার ক্রেডিনিশিয়ালের মধ্যে আছে ইয়াহু এবং জিমেইলের মতো শীর্ষ ইমেইল সেবা ব্যবহারকারী, একাধিক অলাভজনক এবং ফরচুন ফাইভহান্ড্রেড (Fortune 500) তালিকায় থাকা প্রতিষ্ঠানের বিভিন্ন স্পর্শকাতর তথ্য, আইডি এবং পাসওয়ার্ড।

কালোবাজারে বিক্রির অপেক্ষায় থাকা ওই ইউজার ক্রেডিনশিয়ালগুলো নিয়ে হোল্ড সিকিউরিটি তদন্ত করছে বলে জানিয়েছেন হোল্ডেন। ওই ৩.৬ কোটি ইউজার ক্রেডিনশিয়ালগুলো কালোবাজারে একেবারেই নতুন বলে মনে করেন তিনি। ইউজার ক্রেডিনশিয়াল ছাড়াও কালোবাজারে বিক্রির অপেক্ষায় থাকা আরও ১০০ কোটি ইমেইল অ্যাড্রেসও চিহ্নিত করেছে হোল্ড সিকিউরিটি।