এবার বোয়িংয়ের স্মার্টফোন
এবার স্মার্টফোন বানাচ্ছে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক শীর্ষ অ্যারোপ্লেন নির্মাতা বোয়িং কর্পোরেশন। বোয়িংয়ের ‘ব্ল্যাক’ স্মার্টফোনটির ডেটা নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া যে এটি সরাসরি জেমস বন্ড সিরিজের কোনো সিনেমা থেকে বাস্তব দুনিয়ায় হাজির হয়েছে বললেও ভুল হবে না। তবে সাধারণ ব্যবহারকারী নয়, মার্কিন সরকারি কর্মকর্তা এবং বিভিন্নভাবে দেশটির নিরাপত্তা ও রাজনৈতিকখাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্যই স্মার্টফোনটি বানিয়েছে বোয়িং।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘এনক্রিপ্টেড ফোন কলের’ সুবিধা থাকবে স্মার্টফোনটিতে। আর কেসিং খোলার চেষ্টা করলে নিজ থেকেই সব ডেটা এবং রেকর্ড মুছে ফেলবে স্মার্টফোনটি। নিজেকেই ব্যবহারের অযোগ্য করে ফেলবে বোয়িং ব্ল্যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হবে ৫.২ ইঞ্চি বাই ২.৭ ইঞ্চির বোয়িং ব্ল্যাক। চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। একাধিক নেটওয়ার্ক সুবিধা পাওয়ার জন্য এতে আছে এক সঙ্গে দুটি সিম ব্যবহারের সুবিধা।
ব্ল্যাকের বিশেষ সিকিউরিটি ফিচারগুলোর গোপনিয়তা রক্ষা করতে স্মার্টফোনটির ওএস বাদে অন্যান্য সফটওয়্যার বা হার্ডওয়্যার নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বোয়িং। তবে বোয়িংয়ের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী বায়োমেট্রিক সেন্সর এবং স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ফিচার আছে স্মার্টফোনটিতে। আছে সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জের সুবিধা।
ডব্লিউসিডিএমএ, জিএসএম এবং এলটিই ফ্রিক্রোয়েন্সি ব্যান্ডে ব্যবহার করা যাবে বোয়িং ব্ল্যাক। ওয়াই-ফাই আর ব্লুটুথ সংযোগ সুবিধাও আছে এতে। বোয়িং ৩৬ মাস ধরে স্মার্টফোনটি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বোয়িং মুখপাত্র রেবেকা ইয়েমানস।
