সবচেয়ে উদ্ভাবনী অ্যাপ ‘ক্যামমি’
বার্সেলোনায় চলতি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে উদ্ভাবনী অ্যাপের শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে সেলফি তথা নিজেই নিজের ছবি তোলার জন্য বিশেষায়িত অ্যাপ ‘ক্যামমি’। বুধবার গ্লোবাল মোবাই অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এমডব্লিউসি আয়োজক জিএসএমর ঘোষণা করা একাধিক পুরস্কারের মধ্যে ছিল এটি।
ম্যাশএবল জানিয়েছে, আইওএস ডিভাইসের জন্যই বিশেষভাবে বানানো অ্যাপ ক্যামমি। অ্যাপটি দিয়ে ১৬ ফুট দূর থেকেও জেসচার কন্ট্রোলের মাধ্যমে নিজের ছবি তুলতে পারবে এর ব্যবহারকারী। স্ন্যাপচ্যাটের মতো বহুলব্যবহৃত অ্যাপগুলোর সঙ্গে ক্যামমির শূল পার্থক্য হচ্ছে এর নিয়ন্ত্রণব্যবস্থা পুরোটাই জেসচার কন্ট্রোলনির্ভর।
ক্যামমি অ্যাপটি বানিয়েছে ইসরায়েলভিত্তিক সফটওয়্যার নির্মাতা পয়েন্টগ্র্যাব। পিসি, টেলিভিশন আর মোবাইল ডিভাইসের জন্য জেসচার কন্ট্রোল অ্যাপ নির্মাণ করে প্রতিষ্ঠানটি।
সেরা উদ্ভাবনী অ্যাপের পুরস্কার জেতার পর পয়েন্টগ্র্যাব সিইও আস্সাফ গাদ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের উদ্দেশ্যই হচ্ছে জেসচার কন্ট্রোল প্রযুক্তিকে ল্যাপটপ, টিভি এবং মোবাইলের মতো সব প্লাটফর্মে পৌঁছে দেওয়া। জেসচার কন্ট্রোল প্রযুক্তি যেভাবে সহজেই আমাদের ভোক্তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়াচ্ছে তারই প্রমাণ ক্যামমি।’
