গতিদানবের আসনে হেনেসি ভেনম জিটি
বুগাটি ভেরন সুপার স্পোর্টের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে দ্রুতগতির রোড-পারমিট পাওয়া সুপারকার এখন হেনেসি ভেনম জিটি।
ফেব্রুয়ারির শুরুতে ঘণ্টায় ২৭০.৪৯ মাইল গতির নতুন রেকর্ড গড়েছে মার্কিন সুপারকার নির্মাতা হেনেসি পারফর্মেন্স ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি ভেনম জিটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বোচ্চ গতির নতুন রেকর্ড গড়তে হেনেসি পারফর্মেন্স ইঞ্জিনিয়ারিংকে কেনেডি স্পেস সেন্টারের স্পেস শাটল ল্যান্ডিং রানওয়ে ব্যবহারের অনুমতি দিয়েছিল নাসা। ৩.২ মাইল লম্বা রানওয়েতে ভেনম জিটি সর্বোচ্চ গতিতে পৌঁছায় ২.৪ মাইল পার হয়ে।
তবে হেনেসি ভেনম জিটির সর্বোচ্চ গতির রেকর্ডটি আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে কি না তা নিয়ে সংশয় আছে।
২০১০ সালে গাড়িটির নির্মাতা হেনেসির গবেষণা অনুযায়ী মোট ২৯টি ভেনম জিটি গাড়ি বানাবে প্রতিষ্ঠানটি। কিন্তু গিনেস থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে হলে অন্তত ৩০টি গাড়ি বানাতে হবে হেনেসিকে।
এছাড়াও বুগাটি ভেরনকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনচ্যুত করতে হলে দুবার সর্বোচ্চ গতিতে ছুটতে হবে ভেনম জিটিকে। কিন্তু নাসার কাছ থেকে ল্যান্ডিং রানওয়েটি একবার ব্যবহারের অনুমতিই পেয়েছিল হেনেসি। আনুষ্ঠানিকভাবে বুগাটি ভেরন সুপারস্পোর্ট গাড়িটির ঘণ্টায় সর্বোচ্চ ২৬৯.৮৬ মাইল গতিতে ছোটার গিনেস রেকর্ড রয়েছে।
ভেনম জিটিকে প্রোডাকশন মডেল বলা হলেও প্রতিটি গাড়ির জন্য আলাদাভাবে অর্ডার হতে হবে ক্রেতাকে। ১২৪৪ হর্সপাওয়ারের টাইটন টার্বোচার্জড ইঞ্জিনের প্রতিটি গাড়ির দাম হবে কমপক্ষে ১২ লাখ ডলার। প্রতিটি গাড়ি বানাতে সময় লাগবে ৬ মাস।
