নতুন সাউন্ডট্র্যাক নিয়ে ডাংকি কং!
উয়ি ইউ গেইমিং কনসোলের জন্য ২১ ফ্রেব্রুয়ারি বাজারে আসছে ডাংকি কং সিরিজের নতুন গেইম ডাংকি কং কান্ট্রি রিটার্নস: ট্রপিকাল ফ্রিজ। সিরিজের আগের গেইমটির সাউন্ডট্র্যাক নিয়ে অভিযোগ ছিল গেইমটির পুরনো ভক্তদের। সেই ভুল শুধরে দিয়ে ডাংকি কংয়ের অভিযানের সেই উত্তেজনাময় সাউন্ডট্র্যাক ফিরিয়ে এনেছে গেইমটির নির্মাতারা।
১৬ বিটের সুপার নিনটেনডো গেইমিং কনসোলের সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর একটি ছিল ডাংকি কং কান্ট্রি। ২০১০ সালে উয়ি কনসোলের জন্য ডাংকি কং কান্ট্রি রিটার্নস বাজারে আসার পর এর সাউন্ডট্র্যাক নিয়ে আশাহত হয়েছিলেন ভক্তদের অনেকেই। ডাংকি কংয়ের উত্তেজনাময় অভিযানের সঙ্গে তাল মেলানো সাউন্ডট্র্যাকের অভাবটা কোনোভাবেই যেন ভুলতে পারছিলেন না তারা। ট্রপিকাল ফ্রিজে সেই ভুল শোধরাবার চেষ্টা করেছেন এর নির্মাতারা। আর সমালোচকদের প্রতিক্রিয়া অনুযায়ী সফল হয়েছেন তারা।
তবে ট্রপিকাল ফ্রিজের সবচেয়ে বড় ফিচার এর সাউন্ড ট্র্যাক নয়। প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকমের প্রতিবেদন অনুযায়ী, কোনো দিক থেকেই সহজ নয় ডাংকি কং সিরিজের নতুন গেইমটি। একটি লেভেলে সাবধান থাকতে হবে হাঙরের আক্রমণ থেকে। পেছন থেকে হাঙরগুলোর এত দ্রুত আক্রমণ করবে যে নিজেকে বাঁচানোর জন্য খুব কম সময় পাবেন গেইমার। অন্য একটি লেভেলে মনোযোগ দিতে হবে ভারসাম্য রক্ষায়, নতুবা পুরো প্লাটফর্ম ভেঙে নিচে পরে যাবে কং।
তবে সবকিছু মিলিয়ে ডায়কি কং কান্ট্রি রিটার্নস: ট্রপিকাল ফ্রিজ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছেন গেইমাররা। মারিও স্টাইল গেইম ভক্তদের কাছ ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাই বেশি গেইমটির।
