উইন্ডোজ ৮ এর ২০ কোটি লাইসেন্স বিক্রি
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ লাইসেন্স করা ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম উন্মুক্তের ১৫ মাস পর আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম লাইসেন্সের দিক থেকে উইন্ডোজ ৭ এর চেয়ে এখনও পিছিয়ে আছে। উইন্ডোজ ৭ উন্মুক্তের পর একই সময়ে বিক্রি হয়েছে ৩০ কোটি লাইসেন্স। যদিও তখন ডেস্কটপ বিক্রির সংখ্যা এখনকার চেয়ে কম ছিল।
গত ১৫ মাসে বিশ্বজুড়ে অ্যাপলের ম্যাকবুক বাদে সর্বমোট ৩৮ কোটি ৮৪ লাখ নতুন ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার বিক্রি হয়েছে। নতুন ডিভাইসে উইন্ডোজ ৮ চালু ও পুরনো ভার্সন আপগ্রেড হয়েছে সবমিলিয়ে ২০ কোটির উপরে। উইন্ডোজ ভিসতার চেয়ে উইন্ডোজ ৮ বেশি জনপ্রিয় হলেও লাইসেন্স বিক্রির তালিকায় এখনও শীর্ষে রয়েছে উইন্ডোজ ৭।
আগামী ৯ মাসে আরও ১০ কোটি উইন্ডোজ ৮ লাইসেন্স বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে মাইক্রোসফটের।
