শব্দশনাক্ত প্রযুক্তি নির্মাতাকে কিনল গুগল
ইসরায়েলি স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্লিকলগইনকে কিনে নিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ওয়েবসাইট যাতে ব্যবহারকারীর কণ্ঠ শুনেই তাকে শনাক্ত করতে পারে এ ধরণের প্রযুক্তি নিয়ে এসেছে স্টার্ট-আপ প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব এ প্রযুক্তির মাধ্যমে।
এ প্রযুক্তিতে প্রায় নিঃশব্দ এক তরঙ্গ কম্পিউটারের স্পিকারের মধ্য দিয়ে প্রবাহিত করা হবে যা শুধু ধরতে পারবে ব্যবহারকারীর স্মার্টফোনের বিশেষ একটি অ্যাপ। অ্যাপটি সে তরঙ্গ বিশ্লেষণ করে একটি সিগনালের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে নিশ্চয়তা দেবে। এ প্রযুক্তিটি পাসওয়ার্ডের বিকল্প হিসেবে বা নিরাপত্তার অতিরিক্ত একটি স্তর হিসেবে ব্যবহার করা যাবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
স্লিকলগইন কেনা প্রসঙ্গে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, স্লিকলগইন টিম তাদের সঙ্গে যোগ দিয়েছে যারা তাদের মতোই বিশ্বাস করে কঠিন ও বিরক্তিকরের বদলে লগইন হওয়া উচিত সহজ এবং অথেনটিকেশন কোন প্রকার বাধা ছাড়াই কার্যকর হওয়া উচিত। অন্যদিকে স্লিকলগইন প্রতিষ্ঠানটি নিজস্ব সাইটে গুগলের ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো পক্ষই এখনও প্রকাশ করেনি কী পরিমাণ অর্থের বিনিময়ে স্লিকলগইন কেনা হয়েছে ।
