২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক-আদলে আসছে টুইটার

ফেইসবুককে অনুসরণ করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। অনেক ব্যবহারকারীর ডেস্কটপেই চলে এসেছে নতুন ডিজাইনের টুইটার হোম পেইজ। ‘নতুন ডিজাইন’ বলা হলেও ফেইসবুকের টাইমলাইনের সঙ্গে এর মিল চোখ এড়াবে না কোনোভাবেই।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

অনলাইন সংবাদমাধ্যম ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, এখনও ব্যাপকহারে ছড়ায়নি টুইটারের নতুন হোম পেইজ এবং এর ‘ভূক্তভোগী’ হচ্ছেন টুইটারের ডেস্কটপ ভার্সনের ব্যবহারকারীরা।

ম্যাশএবলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টুইটারের নতুন হোম পেইজের ডিজাইন তৈরিতে যে সরাসরি ফোইসবুক টাইমলাইন অনুসরণ করা হয়েছে তা পরিষ্কার। টাইমলাইনের মতোই টুইটারের হোম পেইজে ব্যবহারকারীর অ্যাভাতার ফটো এবং বায়োগ্রাফি থাকছে বাম দিকে। আর উপরে বড় একটা জায়গা খালি রাখা হয়েছে হেডার ফটোর জন্য, ফেইসবুকে যা কভার ফটো নামে পরিচিত। এছাড়া আকারে বড় টুইটও নাকি করা যাচ্ছে নতুন হোম পেইজ থেকে।

ম্যাশএবল ছাড়াও টুইটারের নতুন হোম পেইজের খবর জানিয়েছে, দ্য ওয়্যার এবং বিজনেস ইনসাইডার সহ একাধিক সাইট। তবে নতুন হোম পেইজটি নাকি খুব একটা পছন্দ হয়নি ব্যবহারকারীদের। এটি নিয়ে নেতিবাচক মন্তব্য করে টুইট করেছেন একাধিক ব্যবহারকারী।

শেষ খবর পাওয়া পর্য়ন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি টুইটার।