২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টওয়াচ যুদ্ধে অ্যাপলের অস্ত্র কী

টেক জায়ান্ট অ্যাপল ও ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের প্রযুক্তি বাজারে মুখোমুখি অবস্থান সবারই জানা। অ্যাপল স্মার্টওয়াচ বাজারে ছাড়বে বলে গুজব শোনা গেলেও, ইতোমধ্যে বাজারে গ্যালাক্সি গিয়ার নামে স্মার্টওয়াচ এনেছে স্যামসাং। ওই ঘড়ির ব্যাটারি লাইফ নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। আর তাই প্রযুক্তিবিশ্লেষকরা অনুমান করছেন, দেরিতে স্মার্টওয়াচ আনলেও এ বিষয়ে গুণগত মান বজায় রাখবে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 03:35 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এবিসি নিউজ জানিয়েছে, অ্যাপল অন্তত স্যামসাংয়ের মতো ত্রুটি রাখবে না স্মার্টওয়াচে। চলতি বছরের শেষনাগাদ বাজারে ওই ডিভাইস অবমুক্ত করার গুজব রয়েছে। এতে অন্যসব ফিচারের পাশাপাশি ব্যাটারি লাইফের প্রতি জোর দিচ্ছে অ্যাপল। এ জন্য টেসলা ও টয়োটার মতো শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা যোগ দিয়েছেন অ্যাপলে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।

অ্যাপলের জন্য ব্যাটারি ডিজাইন করবেন নবনিযুক্ত প্রকৌশলীরা। এছাড়া ঘড়ির ব্যাটারির চার্জ বেশিসময় ধরে রাখতে সোলার সেল সংযোজন করার কথা রয়েছে। তারবিহীন চার্জিং ব্যবস্থাও কীভাবে এর সঙ্গে যুক্ত করা যায় সে প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

বিশ্লেষকরা বলছেন স্মার্টওয়াচের ব্যাটারি এমন হওয়া উচিৎ যেন একবার চার্জ দিলে ইবুক রিডারের মতো অন্তত টানা সাতদিন ব্যবহার করা যায়।

তবে শেষ দেখা দেখতে অপেক্ষা করতে হবে বছরের শেষ পর্যন্ত। কারণ অ্যাপল কোনো পণ্য বাজারে ছাড়ার আগে তথ্য প্রকাশ তো দূরে থাক কোনো মন্তব্যও করে না।