পেপার অ্যাপের নাম পাল্টাতে হবে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন অ্যাপ পেপারের নাম পরিবর্তন করতে বলেছে অন্য একটি প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করতে বলার কারণ হচ্ছে ফিফটিথ্রি নামের ওই প্রতিষ্ঠানটিরও একই নামের অ্যাপ আগে থেকেই রয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফিফটিথ্রি’র তৈরি পেপার অ্যাপটি ২০১২ সালে টেক জায়ান্ট অ্যাপলের আইপ্যাডের বছরের সেরা অ্যাপ হিসেবেও পুরস্কার পেয়েছিল।
ফেইসবুকের পেপার অ্যাপটিতে ব্যবহারকারীদের ম্যাগাজিন স্টাইলে বিভিন্ন জিনিস দেখার সুবিধা দিচ্ছে, যদিও ফেইসবুকের এ অ্যাপটি শুধু এখনও যুক্তরাষ্ট্রের গ্রাহকরাই ব্যবহার করতে পারছেন। অন্যদিকে ফিফটিথ্রি প্রতিষ্ঠানটির পেপার অ্যাপটি ব্যবহারকারীদের আইপ্যাডে স্কেচ করার সুবিধা দিয়ে থাকে এবং শুধু তাই নয়, অ্যাপটির এক কোটি গ্রাহকও রয়েছে। নাম জটিলতা প্রসঙ্গে ফিফটিথ্রি’র প্রতিষ্ঠাতা জিওরগ পেটশ্নিগ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অন্যান্যদের সঙ্গে তারাও বেশ বিস্মিত হযেছিলেন যখন জানুয়ারির ৩০ তারিখে ফেইসবুক তাদের অ্যাপের অনুরূপ নামের একটি অ্যাপ আনার ঘোষণা দিয়েছিল। তিনি আরও বলেছেন, “ফেইসবুকের উচিত একটু চিন্তা ভাবনা করে নিজেদের জন্য ব্র্যান্ড নাম বের করা ও অন্যদের ব্র্যান্ড নাম ব্যবহার বন্ধ করা।” ফেইসবুকের একজন বোর্ড সদস্য ফিফটিথ্রিতে বিনিয়োগকারী বলেও জানিয়েছেন পেটশ্নিগ।
তবে ফেইসবুক অ্যাপের নাম পরিবর্তন করবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে- প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
