২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির শিকার দুর্লভ টুইটার আইডি

মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারী দাবি করেছেন তার দুর্লভ একটি আইডি চুরি হয়েছে। @N নামের শুধুমাত্র একটি অক্ষরের আইডি হওয়ায় তার আইডিটিকে দুর্লভ বলে ধরা হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্লভ এ আইডিটির আসল পরিচয় হচ্ছে নাওকি হিরোশিমা। তিনি পেশায় একজন সফটওয়্যার ডেভলপার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাসকারী হিরোশিমা জানিয়েছেন, এর আগেও এ আইডিটি চুরির চেষ্টা চালানো হয়েছিল। এমনকি তিনি ৫০ হাজার ডলারের বিনিময়ে আইডিটি বিক্রির প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও হিরোশিমা ২০০৭ সালে খোলা এ আইডিটি হাত ছাড়া করেননি।

কিন্তু এবার কোনো এক হ্যাকার তার অন্যান্য সব অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল আইডিটি হস্তান্তর না করলে অন্যান্য অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে না এমনটাই ভাষ্য হিরোশিমার। হিরোশিমা আরও জানিয়েছেন, হ্যাকার তার গোড্যাডি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তিগত ইমেইল অ্যাড্রেস জোগাড় করে সেটির সেটিংস পরিবর্তন করে দেয়। পরবর্তীতে হিরোশিমার সঙ্গে ইমেইল বিনিময়ের সময় হ্যাকার দাবি করেন, তিনি হিরোশিমার ক্রেডিট কার্ডের শেষ চারটি ডিজিটের মাধ্যমে তার গোড্যাডি অ্যাকাউন্টটি হ্যাক করেছেন। হ্যাকার আরও জানিয়েছেন, পেপালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি হিরোশিমার ক্রেডিট কার্ডের তথ্য জোগাড় করেছেন।

এ প্রসঙ্গে পোপাল এক বিবৃতির মাধ্যমে বিষয়টি অস্বীকার করেছে এবং জানিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড তথ্য কেউ নেয়নি। অন্যদিকে গোড্যাডি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কোনো এক কর্মচারী সামাজিক ইঞ্জিনিয়ার্ড হয়ে হ্যাকারকে হিরোশিমার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিয়েছে। চুরি হওয়া আইডটি কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না সে প্রসঙ্গে টুইটারের এক মুখপাত্র জানিয়েছে, তারা পৃথক কোনো অ্যাকাউন্ট সম্পর্কে মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে তদন্ত করছেন।

অন্যদিকে হিরোশিমা তার নতুন টুইটার অ্যাকাউন্ট @N_is_stolen থেকে জানিয়েছেন, সব দেখে মনে হচ্ছে হ্যাকার তার অ্যাকাউন্টটি মুছে দিযেছেন।