ভার্চুয়াল যুদ্ধে ক্ষতি তিন লাখ ডলার!
অনলাইন গেইমিং সাইট ইভ অনলাইনের ভার্চুয়াল যুদ্ধে আনুমানিক তিন লাখ ডলারের ক্ষতি হয়েছে। যুদ্ধে অংশগ্রহণকারী এক গেইমার তার বিলটি পরিশোধ না করার কারণেই এ ক্ষতিটি হয়েছে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইভ অনলাইনের পাঁচ লাখেরও বেশি সদস্য গেইমটির ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে মহাকাশযান কিনতে পারেন। আর গেইমটির এ ভার্চুয়াল কারেন্সি গেইমারকে কিনতে হয় ভার্চুয়াল নয়, প্রচলিত অর্থ ব্যয় করে।
গেইমটির ডেভলপাররা জানিয়েছেন, ভার্চুয়াল যুদ্ধ চলাকালীন মোট ৭৫টি টাইটান নভোযান ধ্বংস হয়ে গেছে, শুধু টিমের একজনের কারণে। তিনি বিল পরিশোধ না করায় তার এলাকাটি অরক্ষিত ছিল। গেইমিং সাইটটির ১০ বছরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। প্রায় চার হাজার গেইমার এতে অংশ নেন এবং হাজার হাজার মানুষ গেইমটির অ্যাকশন অনলাইনে দেখছিলেন।
ইভ অনলাইন থেকে জানানো হয়েছে, যুদ্ধের সর্বশেষ খরচ আরও বেশি হবে এমনটাই ধারণা করা হচ্ছিল।
নভোযানের আকার এবং আকৃতির উপর নির্ভর করে গেইমারদের কাছে নভোযান বিক্রি করে থাকে ইভ অনলাইন। ২০০৩ সালে এ সাইটটি প্রতিষ্ঠিত হয়।
