আবারও ইয়াহু মেইল ‘হ্যাকড’
আবারও হ্যাক হয়েছে ইয়াহু মেইল। বৃহস্পতিবার ইয়াহু মেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর নিশ্চিত করেছে ইয়াহু। ঠিক কতগুলো ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও এরমধ্যেই ভুক্তভোগীদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, থার্ড পার্টি ডেটাবেইজের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ইয়াহু মেইল ব্যবহারকারীদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে দাবি ইয়াহুর।
এর মধ্যেই হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড বদলে দিয়েছে ইয়াহু। টু-ফ্যাক্টর অথেনটিকেশান সেটআপ করা থাকলে হ্যাক হওয়া মেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীর কাছে ইতোমধ্যেই চলে গেছে এ সম্পর্কিত ইমেইল অথবা টেক্সট মেসেজ। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ইয়াহু।
ইয়াহু মেইল হ্যাক হওয়ার খবর নিশ্চিত করে লেখা এক টাম্বলার পোস্টে প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জে রসিটার বলেন, ‘কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে আমাদের সেবাগ্রাহকদের ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে তাদের ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের ব্যাপারটি আমরা নিশ্চিত হয়েছি তদন্তে। হ্যাকাররা ইয়াহু মেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক সময়ে পাঠানো মেইলগুলোর প্রাপকের মেইল অ্যাড্রেস সংগ্রহের চেষ্টা করছিল বলেই মনে হচ্ছে।’
তবে ঠিক কোন থার্ড পার্টি ডেটাবেইজের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা এই ঘটনা ঘটিয়েছে তা বলেননি রসিটার।
