২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ‘বাগ শিকারি’-র পেছনে চাকরির লাইন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বাগ আবিষ্কারক ব্রাজিলিয়ান অধিবাসী রেডিনাল্ডো সিলভা জানিয়েছেন, বাগটি আবিষ্কারের পর থেকে তিনি চাকরির অসংখ্য প্রস্তাব পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পেশায় কম্পিউটার প্রকৌশলী ২৭ বছর বয়সী সিলভা ২০১৩ সালে সামাজিক মাধ্যমটিতে এমন একটি বাগ খুঁজে পান যা সাইটটির সম্পূর্ণ সিস্টেমকেই বিপর্যস্ত করতে সক্ষম ছিল।

সিলভা বাগটি খুঁজে পাওয়ার পর ফেইসবুককে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন। আইটি বিশ্লেষকরা পরবর্তীতে জানিয়েছিলেন, রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) নামের এ বাগটি সঠিক সময়ে ঠিক না করা হলে ফেইসবুককে লক্ষাধিক ডলার গুণতে হত। আরসিই-এর সাহায্যে হ্যাকাররা সহজেই প্রতিষ্ঠানটির সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারত। বাগটির ব্যাপারে জানানোর জন্য প্রতিষ্ঠানটি সেসময় সিলভাকে ৩৩ হাজার ডলার সম্মানীও দিয়েছিল।

এ প্রসঙ্গে সিলভা জানিয়েছেন, তিনি ২০১৩ সালের নভেম্বরের শেষভাগে বাগটির অস্থিত্ব খুঁজে পান। তিনি এর আগেও অন্য একটি সফটওয়্যারে অনুরূপ একটি বাগ পেয়েছিলেন এবং ফেইসবুকেও তিনি একই বাগ দেখার পর প্রতিষ্ঠানটিকে ১৯ নভেম্বর বিষয়টি জানান ও তিন ঘন্টা পর তিনি ফেইসবুকের তরফ থেকে পাল্টা উত্তর পান যে বাগটি ঠিক করার প্রক্রিয়া শুর করা হয়েছে এবং ফেইসবুক থেকে তাকে অনুরোধ করা হয় সম্পূর্ণ বিষয়টির নিষ্পত্তি হওয়ার আগে যাতে তিনি এ বিষয়ে কোনো কিছু প্রকাশ না করেন। পরবর্তীতে সমস্যাটির নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয় ফেইসবুকের পক্ষ থেকে।

সিলভা আরও জানিয়েছেন, বর্তমানে তার মেইলবক্স চাকরির প্রস্তাবে পূর্ণ!