বছরে শতকোটির মাইলফলকে স্মার্টফোন
২০১৩ সালে স্মার্টফোন বিক্রি সংখ্যার দিক থেকে অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি পরিচালিত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
জরিপের সূত্র ধরে বিবিসি জানায়, গত বছর স্মার্টফোন বিক্রি একশ’ কোটির মাইলফলক অতিক্রম করেছে। প্রথমবারের মতো এক বছরে একশ’ কোটি ৪০ লাখ স্মার্টফোন রপ্তানি করেছেন নির্মাতারা।
স্মার্টফোন বিক্রিসংখ্যার হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে স্যামসাং। গত বছর বিক্রিত স্মার্টফোনের ৩১.৩ শতাংশই ছিল স্যামসাংয়ের। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। তৃতীয় অবস্থানে চীনের মোবাইল ফোন নির্মাতা হুয়াওয়েই। চতুর্থ অবস্থানে রয়েছে কোরিয়ান অপর মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি। পঞ্চম অবস্থানে রয়েছে লেনোভো।
টপ ট্রেন্ডের এ ফলাফল সম্পর্কে আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্রেকার প্রোগ্রামের ডিরেক্টর রিয়ান রিথ জানান, গত বছর কম দামে বড় পর্দার স্মার্টফোনের প্রতি মানুষের বেশি ঝোঁক ছিল। এ দুটো বিষয়ই প্রতিযোগীদের আলাদা করে দিয়েছে।
এ গবেষণায় শুধু পণ্যের দাম নয়, বিক্রি একককেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিসি।
২০১২ সালের চেয়ে ২০১৩ সালে স্মার্টফোন রপ্তানিও বেড়েছে শতকরা ৩৮.৪ ভাগ।
