২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির সঙ্গে লড়াইয়ে জিততে হবে: স্মিড

ভবিষ্যতে মধ্যবিত্ত পেশাজীবীদের চাকুরিচ্যুতি হতে পারে- বললেন ইন্টারনেট জায়ান্ট গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড। ডেভসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সভায় তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এক প্রতিবেদনে বিবিসি জানায়, প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনে মানুষের হাতে কাজ কমে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারাই ভবিষ্যতে চাকুরির বাজারে টিকে থাকতে পারবে। ফলে পুরানো অনেক কর্মীকে চাকুরি হারাতে হতে পারে।

স্মিড তার বক্তব্যে জানান, শিল্প বিপ্লবের এ সময়ে ব্যাপকভাবে প্রযুক্তির উন্নয়ন ঘটছে। এতে ভবিষ্যতে চাকুরি বাজারে প্রতিযোগিতা হবে মানুষ ও কম্পিউটারের সঙ্গে। এখানে মানুষকে লড়াই করে জিততে হবে।

বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে প্রযুক্তি সহায়তার জন্য খণ্ডকালীন কর্মী নিয়োগ হচ্ছে। নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানেও এ ধরনের সুবিধা রয়েছে। তাছাড়া ধীরে ধীরে কাজের ধরন ও বদলে যাচ্ছে। ভবিষ্যতে হয়তোবা ৯টা-৫টা অফিস টাইম বদলে নতুন শিডিউল তৈরি করা লাগতে পারে।

স্মিড আরও জানান, ভবিষ্যতে প্রযুক্তি বিষয়ক প্রয়োজনীয় দক্ষতা না থাকলে অনেক কর্মীকে চাকুরি হারাতে হতে পারে। আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।