এনএসএ ঠেকাবে ব্ল্যাক ফোন!
প্রাইভেটওএস ব্যবহার করলে স্মার্টফোনের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে ব্ল্যাকফোন। প্রাইভেটওএস আদতে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম ব্যবহার করে তৈরি করা কাস্টমাইজড মোবাইল ওএস, যাতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাইভেসি ও তথ্য-নিরাপত্তার বিষয়কে।
এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ব্ল্যাকফোন নামে নতুন স্মার্টফোন আসছে। এটি চলবে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের নতুন অপারেটিং সিস্টেম প্রাইভেটওএস-এ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) মোবাইলফোনে আড়িপাতার ঘটনা যখন বিশ্ব রাজনীতিতে প্রভাবক হয়ে দাঁড়িয়েছে, তখন নতুন ওএসযুক্ত মোবাইল ফোনটির আবির্ভাব ঘটছে।
নতুন এ প্রযুক্তির পেছনে কাজ করেছে মোবাইল সিকিউরিটি ফার্ম সাইলেন্ট সাইকেলের একদল ডেভেলপার। ডেভেলপারদের একজন ফিল জিমমারম্যান। তিনি পিজিপি এনক্রিপশন প্রোগ্রাম তৈরি করেন। ইমেইলে তথ্য আদান-প্রদানে নিরাপত্তার জন্য এটি এখনও ব্যবহৃত হচ্ছে।
এ সম্পর্কে জিমমারম্যান বলেন, “আমি আমার পেশাগত জীবন কাটিয়েছি টেলিফোনকেন্দ্রিক যন্ত্রপাতির নিরাপত্তার জন্য। ব্ল্যাকফোন স্মার্টফোন ব্যবহারকারীদের যোগাযোগ ব্যবস্থায় প্রাইভেসি নিশ্চিত করবে।”
ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন প্রযুক্তির স্মার্টফোন দেখাবে ব্ল্যাকফোন।
২৪ ফেব্রুয়ারি থেকে ব্ল্যাকফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।
