চালক ছাড়াই ‘ড্রিফট’ করছে বিএমডব্লিউ
রাস্তায় প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারে এ রকম চালকবিহীন গাড়ি প্রদর্শন করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইলেকট্রনিকস কনজিউমার শো’(সিইএস:২০১৪)তে বিএমডব্লিও এ গাড়ি দেখিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিএমডব্লিউ-এর বিশেষভাবে পরিবর্তিত ২-সিরিজ কোপ এবং ৬-সিরিজ গ্র্যান কোপ কোনো চালক ছাড়াই পাওয়ার স্লাইড নিয়ন্ত্রণ করতে এবং রেসট্র্যাকে দ্রুতগতিতে চলতে সক্ষম।
এ গাড়িগুলো ৩৬০-ডিগ্রি রেডার, আল্ট্রাসনিক সেন্সর এবং ক্যামেরার সাহায্যে ধরতে পারে তার আশপাশে কী আছে। তবে শুধু বিএমডব্লিউই নয়, জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাও সিইএস-এ চালক ছাড়া স্বাধীনভাবে চলতে পারবে এমন গাড়ি প্রদর্শন করেছে। অন্যদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বশ দেখিয়েছে, স্মার্টফোন নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গাড়িপার্কিং প্রযুক্তি।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৫০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এ জন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আশা করছে, সেন্সর এবং সফটওয়্যার-নিয়ন্ত্রিত গাড়িগুলো মানুষচালিত গাড়ির চেয়ে সড়ক দুর্ঘটনা কমাবে।
২০১৩ সালের ইনো সেন্টার ফর ট্রান্সপোর্টেশনের এক গবেষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাস্তার দশ শতাংশ চালকবিহীন গাড়ি প্রায় এক হাজার সড়ক দুর্ঘটনা কমাতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং নেভাদা অঙ্গরাজ্যের সড়কে চালকবিহীন গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে। গুগলের ২৪ রোবট লেক্সাস এসইউভি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই পাঁচ লাখ মাইল চলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ইউরোপের রাস্তায় এখনও চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়নি।
