মোবাইল ট্র্যাকিংয়ে পুলিশের খরচ কমে
সম্প্রতি এক গবেষণায় বের হয়ে এসেছে, মোবাইল ফোন ট্র্যাকিং পদ্ধতিতে যে পরিমাণ খরচ হয়ে থাকে তা পুলিশের পুরোনো পদ্ধতির নজরদারির চেয়ে বেশ সাশ্রয়ী। কোনো ফোন ট্র্যাক করতে পুলিশের খরচ হয় নজরদারি বাজেটের ১.৯ শতাংশ থেকে .০১৫ শতাংশ। অথচ আগে এ বাবদ হাজার হাজার ডলার খরচ হয়ে যেত।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, আশকান সলটানি এবং কেভিন ব্যাংকস্টন নামের দুজন প্রাইভেসি বিষয়ক গবেষক এ গবেষণাটি সম্পন্ন করেছেন এবং বৃহস্পতিবার এ গবেষণার ফলাফলগুলো ‘ইয়েল ল’ জার্নালে’ প্রকাশিত হয়েছে।
সলটানি এবং ব্যাংকস্টন গবেষণাটির সময় আইন প্রয়োগকারীদের প্রতি ঘন্টার খরচের হিসাব করেছেন। সে হিসাব থেকে তারা জানতে পেরেছেন, কোনো ব্যক্তিকে জিপিএসের মাধ্যমে ২৪/৭ নজরদারিতে রাখলে প্রতি ঘন্টায় খরচ হয় মাত্র কয়েক ডলার বা পেনি। অথচ একই ব্যক্তিকে ২৪/৭ পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখলে ঘন্টায় খরচের পরিমাণ গিয়ে দাঁড়ায় একশ ডলারের কাছাকাছি বা তার চেয়েও বেশি। ব্যাংকস্টোন এবং সলটানের হিসাবে আরও বের হয়ে এসেছে পাঁচটি গাড়ি নিয়ে নজরদারি কর্মসূচী চালালে প্রতি ঘন্টায় খরচ হয় ২৭৫ ডলার। অথচ মোবাইলের মাধ্যমে কাজটি সম্পন্ন করলে ঘন্টায় খরচ হয় মাত্র ৩৬ সেন্ট। তবে যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় পরিষ্কারভাবে জানানো হয়নি ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারিতে রাখা যাবে কিনা।
এ প্রসঙ্গে নিউ আমেরিকা ফাউন্ডেশনের ওপেন টেকনোলজির পলিসি ডিরেক্টর ব্যাংকস্টোন জানিয়েছেন, সরকার বেশ কৌশলে মোবাইল ট্র্যাকিংয়ের বিষয়টি এড়িয়ে গিয়েছে, ফলে তাদের কাছে উচ্চ আদালতের প্রয়োগকৃত পরিষ্কার কোনো উদাহরণ নেই যা দিয়ে বুঝা সম্ভব ঠিক কোন পরিস্থিতিতে মোবাইল ট্র্যাকিং করা যাবে।
