চালু হল বিটকয়েন বীমা সেবা
যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বে প্রথমবারের মতো বিটকয়েনের নিরাপত্তার জন্য স্টোরেজ সেবা চালু হয়েছে। এ সেবাটিতে বিটকয়েনকে শুধু যে সুরক্ষিত রাখা হবে তা নয়, সংরক্ষিত বিটকয়েন চুরি হয়ে গেলে ক্ষতিপূরণও দেওয়া হবে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ সেবার প্রতিষ্ঠাতাদের তথ্য অনুযায়ী, তারাই বিশ্বে প্রথম বিটকয়েন মালিকদের জন্য বীমা সুবিধা নিয়ে এল।
এলিপ্টিক ভল্ট নামের এ সেবাটিতে এনক্রিপ্টেড কি ব্যবহার করে তা নিরাপদ জায়গায় অবস্থিত অফলাইন সার্ভারে সংরক্ষণ করা হবে। এছাড়াও শারীরিক ও ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা স্তরও থাকবে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতারা। প্রতিষ্ঠাতাদের মতে সম্পূর্ণ বিষয়টি হবে ‘ডিপ কোল্ড স্টোরেজ’ পদ্ধতিতে।
এতদিন বিটকয়েন সংরক্ষণের জন্য অনলাইন ওয়ালেট ব্যবহার করা হত। কিন্তু এর আর্থিক মূল্য বৃদ্ধি পাওয়ার পর বেশ কিছু সাইবার আক্রমণে অনেকেই বিটকয়েন হারান। বিটকয়েনের একটি বড় সমস্যা হল এটি চুরি হলে তা আর উদ্ধারের কোনো উপায় থাকে না। কারণ, বিটকয়েনের প্রতিটি লেনদেন অপরিবর্তনীয়। আর ভার্চুয়াল কারেন্সি বলে বিটকয়েনের কোনো বীমা সুবিধাও ছিল না।
এ প্রসঙ্গে এলিপ্টিকের তিনজন প্রতিষ্ঠাতার একজন টম রবিনসন জানিয়েছেন, মানুষকে বিটকয়েনের বীমা সুবিধা দেওয়ার বিষয়টি তাদের কাছে যুগপোযোগী পদক্ষেপ মনে হয়েছে। উদ্যোক্তাদের মতে, ইন্ডাস্ট্রি বিটকয়েনের বিষয়ে বেশ ‘রক্ষণশীল এবং তারা এ বিষয়টির মূল্য বুঝে না’।
তবে এ ধরনের বীমা গ্রহণের জন্য রাজি করানো এবং বিশ্বাস অর্জন করাটা বেশ কঠিন কাজ বলেই জানিয়েছেন রবিনসন। মানুষের আস্থা অর্জনের জন্য এলিপ্টিক প্রতিষ্ঠানটি লন্ডনের লয়েডের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
