স্মার্টফোন আই-স্ক্যানার আনছে স্যামসাং
কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনের পরবর্তী ভার্সনে আই-স্ক্যানার থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০১৪ উপলক্ষে বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গকে এ কথা জানান স্যামসাং মোবাইল বিজনেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং হি।
ব্লুমবার্গের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, গ্যালাক্সি এসফাইভে ওই প্রযুক্তি ব্যবহার করা হলে আইরিস বা কথ্য ভাষায় যাকে চোখের মণি বলা হয়, সেটি স্ক্যান করে প্রত্যেক ব্যবহারকারীকে আলাদাভাবে শনাক্ত করা যাবে।
ইয়ং হি জানিয়েছেন ওই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে চলছে গবেষণা। স্মার্টফোনে আই-স্ক্যানার যুক্ত হলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো তথ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
স্যামসাং চলতি বছরের এপ্রিলে গ্যালাক্সি এসফাইভ অবমুক্ত করতে পারে বলে জানা গেছে। এদিকে অপর মার্কেট লিডার টেক জায়ান্ট অ্যাপল গতবছর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত আইফোন ফাইভএস বাজারে এনেছে।
উল্লেখ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতোই আই-স্ক্যানার প্রতিটি মানুষকে আলাদাভাবে শনাক্ত করার প্রযুক্তি।
