এবার খাবার বানাতে থ্রিডি প্রিন্টার
খাবার তৈরির উপযোগী থ্রিডি প্রিন্টার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের নির্মাতা থ্রিডি সিস্টেমস।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস: ২০১৪)তে খাবার তৈরির জন্য থ্রিডি প্রিন্টার দেখিয়েছে থ্রিডি সিস্টেমস। ওই প্রিন্টার ব্যবহার করে বিভিন্ন ধরনের খাবার বানানো যাবে।
এছাড়া প্রচলিত পদ্ধতিতে যেসব চকলেট ও মিষ্টান্ন তৈরি সম্ভব নয় ওই খাবারগুলোও তৈরি করা যাবে। বিভিন্ন ডিজাইন ও রংয়ে তৈরি করা যাবে চকলেট ও মিষ্টিজাতীয় খাবার।
দুটি ভার্সনে ওই মেশিন দেখিয়েছে থ্রিডি সিস্টেমস। বেসিক ভার্সনের থ্রিডি প্রিন্টার কিনতে খরচ হবে পাঁচ হাজার ডলার। অ্যাডভান্সড ভার্সনের কিনতে খরচ করতে হবে দ্বিগুণ অর্থ।
থ্রিডি সিস্টেমসের প্রধান নির্বাহী এভি রিখেনটাল জানান, ওই মেশিন ব্যবহার করে ভবিষ্যতে রেস্টুরেন্ট ও বেকারিতে বিভিন্ন ডিজাইনের মজার খাবার তৈরি সম্ভব হবে।
চলতি বছরের শেষ নাগাদ খাবার তৈরির থ্রিডি প্রিন্টার বাজারে ছাড়া হবে।
