সনি নিয়ে এসেছে ‘লাইফ লগিং’
জাপানি ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা সনি সম্প্রতি ‘লাইফ লগিং’ নামে নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছে। এ সফটওয়্যারটি কোনো ব্যক্তির শারীরিক কার্যকলাপের চার্ট বানাবে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এর অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহারকারীর শারীরিক অনুশীলনের লক্ষ্য জেনে নেবে এবং সে লক্ষ্যে ব্যবহারকারী পৌঁছাতে পারছেন কি না তা মনিটর করবে ও অগ্রগতি সম্পর্কে ব্যবহারকারীকে জানাবে।
লাইফ লগিং মূলত স্মার্টফোনের মাধ্যমে কতক্ষণ কথা বলা হচ্ছে, সিনেমা দেখা হচ্ছে, কী পরিমাণ ইমেইল আসছে ইত্যাদি রেকর্ড করে চার্ট প্রস্তুত করবে। এরপর ওইসব ডেটা বিশ্লেষণ করে অ্যাপটি বোঝার চেষ্টা করবে আপনি কি বসে ছিলেন, নকি হেঁটেছেন অথবা ঘুমিয়েছেন। এ ছাড়াও এ অ্যান্ড্রয়েড অ্যাপটির সঙ্গে কোর নামের ছোট একটি পরিধেয় যন্ত্র থাকবে। এটি সে যন্ত্র থেকেও ডেটা সংগ্রহ করতে পারবে। কোর যন্ত্রটি ট্র্যাকার হিসেবে কাজ করতে সক্ষম বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তবে বিশ্বব্যাপী নজরদারি বাস্তবতায় অ্যাপটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা বলা মুশকিল। কারণ, এতে ব্যবহারকারীর যাবতীয় ডেটা রেকর্ড হবে। ফলে নজরদারি কর্মসূচির কর্মকর্তাদের জন্য তা জানা আরও সহজ হয়ে যাবে। তবে সনির এ বিষয়টি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই।
সনি জানিয়েছে, লাইফ লগ অ্যাপে সাইন-ইন করার সময়ই তারা পরিষ্কারভাবে গ্রাহকদের জানিয়ে দেবে তারা কোন ডেটাগুলো নিচ্ছে এবং তা কীভাবে ব্যবহার করা হবে। এ ছাড়াও তাদের একটি অপশনও দেওয়া হবে তারা এটি চালাতে চান কি না। নতুন এ অ্যাপটি আনার বিষয়ে লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শো’তে সনি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছে।
