আইফোনও ট্যাপ করে এনএসএ
গুপ্তচরবৃত্তির দায়ে সমালোচিত মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএর নতুন প্রকাশিত নথিতে জানা গেছে প্রতিষ্ঠানটি টেক জায়ান্ট অ্যাপলের আইফোনও ট্যাপ করতে পারে। তবে অ্যাপল জানিয়েছে তারা এ বিষয়ে এনএসএ-র সঙ্গে সংযুক্ত নয়।
এক প্রতিবেদনে এবিসিনিউজ জার্মানির অনলাইন নিউজ সাইট স্পাইগেল অনলাইনের বরাত দিয়ে জানিয়েছে, ড্রপআউট জিপ নামক একটি সফটওয়্যার দিয়ে এনএসএ আইফোন ট্যাপ করে থাকে।
এ সফটওয়্যারটির সাহায্যে এনএসএ আইফোন থেকে কনটাক্ট তথ্য থেকে শুরু করে, টেক্সট মেসেজ, ভয়েসমেইলও সংগ্রহ করে। এমনকি সফটওয়্যারটির সাহায্যে এনএসএ আইফোনের ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদিও সচল করে দিতে সক্ষম এমনটাই জানা গেছে সম্প্রতি প্রকাশিত নথি থেকে।
এ প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, তারা কখনও এনএসএর সঙ্গে কাজ করেনি এবং কোনো পণ্যে এনএসএ-কে বিশেষ সুবিধাও দেয়নি। প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের ব্যাপারে সচেতন বলে দাবি করেছে।
“আমাদের পণ্য বা সেবাবিষয়ে যখনই কোনো অসৎ উদ্দেশ্যের কথা জানতে পেরেছি তখনই আমরা অনুসন্ধান করে গ্রাহকদের রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নিয়েছি”- বলা হয়েছে অ্যাপলের পক্ষ থেকে।
ইন্টারনেট প্রাইভেসি বিশেষজ্ঞ ও প্রাইভেসির পক্ষে উচ্চকণ্ঠ ব্র্যাডলি শিয়ার এ প্রসঙ্গে জানিয়েছেন, এনএসএ’র ওই স্পাইওয়্যারে অ্যাপলের হয়তো সত্যিই কোনো সংশ্লিষ্টতা ছিল না। তিনি আরও জানিয়েছেন, তিনি মনে করেন না যে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানই জেনেশুনে এনএসএ-র ট্যাপিংয়ে সাহায্য করবে।
তবে “প্রযুক্তি গোষ্ঠীকে না জানিয়ে কীভাবে কাজ করতে হয় তা এনএসএ জানে।”- মন্তব্য করেছেন শিয়ার।
