হ্যাক হয়েছিল লিগ অফ লিজেন্ডস
জনপ্রিয় অনলাইন গেইম লিগ অফ লিজেন্ডস ২০১৩ সালের ৩০ ডিসেম্বর কয়েক ঘণ্টার জন্য হ্যাক করেছিল হ্যাকাররা। ডার্প হ্যাকিং গ্রুপ পরবর্তীতে দাবি করেছে এ কাজটির পেছনে তারাই ছিল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হ্যাকিংটি কোনো ক্ষতিসাধনের জন্য নয়; বরং মজা করেই করা হয়েছিল। এর একটি অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পেশাদার গেইমার জেমস ভার্গাকে হয়রানি করা হয়েছে।
গেইমটির যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান সার্ভারে প্রচুর ডেটা ট্রান্সফার করে গেইমটিকে অফলাইনে নিয়ে আসা হয়েছিল। এরপর ঠিক একই প্রক্রিয়ায় গেইমটির এশিয়ান সার্ভার থেকেও গেইমটি অফলাইনে নিয়ে আসা হয়।
হ্যাকিং শেষে যুক্তরাষ্ট্রের গেইমার ভার্গার বাসার ফোন থেকে একটি ভুয়া ফোন করে পুলিশকে জানানো হয়, তিনি তার বাসায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রেখেছেন। এ ছাড়াও ভার্গার নাম, ঠিকানা ইত্যাদি বৃত্তান্ত অনলাইনে আগেই পোস্ট করে রাখা হয়েছিল। ফোন পেয়ে ১২ জনেরও বেশি পুলিশ ভার্গার বাড়িতে গিয়ে হাজির হয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে ফোন কলটি ভুয়া ছিল তা প্রমাণিত হলে ভার্গাকে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে ভার্গা এক ইউটিউব ভিডিওতে জানিয়েছেন, তিনি এখনও এ ধাক্কার মাত্রা সামলে উঠতে না পারলেও ভালো আছেন।
