২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ সালের মহাকাশে শীর্ষ ১১

এ বছরটিতে প্রযুক্তিবিশ্বে যেমন ঘটেছে বিভিন্ন আলোচিত নতুন ঘটনা। ঠিক তেমনই মহাকাশকেও কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিভিন্ন স্মরণীয় মুহূর্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাছুম কামাল ও আবুল বাসার সাজ্জাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 08:01 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে প্রকাশ করেছে এ বছরের মহাকাশকেন্দ্রিক ১১টি স্মরনীয় ঘটনা। প্রতিবেদনটির আলোকে চলুন এক নজরে জেনে নেই সে ১১টি ঘটনা।

১. সৌরমণ্ডলের বাইরে ভয়েজার ১

এ বছর সেপ্টেম্বরের ১২ তারিখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, ১৯৭৭ সালে উৎক্ষেপন করা ভয়েজার ১ আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে গিয়েছে। সেই সঙ্গে তারা এও জানায়, ভয়েজার ১-ই প্রথম মানুষনির্মিত বস্তু, যা সৌরমণ্ডলের এলাকা ত্যাগ করতে পেরেছে। আর তাই মহাকাশ বিজ্ঞানীরা অনুমান করছেন ২০২০ সাল পর্যন্ত এটি পৃথিবীতে তথ্য পাঠাতে পারবে। এ ছাড়াও ভয়েজার ১-এ পৃথিবীর সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কিত একটি গোল্ডেন রেকর্ড রয়েছে। যদি মহাকাশে অন্য কোনো প্রাণের অস্তিত্ব থেকে থাকে এবং যদি তাদের কাছে এটি পৌঁছায় তাহলে তারা পৃথিবীর সম্পর্কে জানতে পারবে!

২. মহাকাশে এবার অলিম্পিক মশাল

২০১৪ সালের শীতকালীন অলিম্পিক রাশিয়াতে অনুষ্ঠিত হবে। রাশিয়া এ উপলক্ষ সে অলিম্পিক মশালটি ঘুরিয়ে এনেছে পৃথিবীর বাইরে থেকে। নভেম্বরের নয় তারিখ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল মশালটি। দুদিন পরে আবার পৃথিবীতে ফেরত নিয়ে আসা হয়।

৩. মঙ্গলের কক্ষপখে ভারত

নভেম্বরে ভারতের ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন মঙ্গলের কক্ষপথে অনুসন্ধান চালানোর জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। হিসেব অনুযায়ী ২০১৪ সালের সেপ্টেম্বরে এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। উদ্যোগ সফল হলে মঙ্গল কক্ষপথে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারত হবে চতুর্থ রাষ্ট্র। তবে কয়েকটি দিক থেকে ভারতের এ উদ্যোগটি বিশ্বের অন্যান্য স্পেস ইন্ডাস্ট্রির নজরে পড়েছে। ভারতের উৎক্ষেপণ উপযোগী রকেট না থাকায় তারা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে এমন বিস্ফোরক তৈরি করেছে যার বেগ এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এতে খরচও পড়েছে তুলনামূলকভাবে কম। নভেম্বরেই নাসা মাভেন নামে একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ৪৮ কোটি ৫০ লাখ ডলার খরচে। অন্যদিকে ভারতের উৎক্ষেপণে খরচ হয়েছে ছয় কোটি ৯০ লাখ ডলার। যদিও মাভেনের প্রযুক্তির তুলনায় ভারতের উপগ্রহটির প্রযুক্তি বেশ অনুন্নত, তবুও অর্থের ব্যবধানটি এড়িয়ে যাওয়ার মতো নয়।

৪. গ্রহাণু ধরবে নাসা

নাসার ২০১৪ সালের বাজেটে তারা একটি মহাকাশযান তৈরির প্রকল্প দেখিয়েছে। বিশেষ এ মহাকাশযানটি পৃথিবীর কাছে থাকা ছোট গ্রহাণু ধরে তা চাঁদের স্থির  কক্ষপথে রেখে আসবে। তবে গ্রহাণুটির আকৃতি হতে হবে চওড়ায় সাত মিটারের কাছাকাছি। নাসা অবশ্য ইতোমধ্যেই তিনটি গ্রহাণু নির্বাচন করেছে।

৫. নতুন দুই গ্রহ

এ বছরের জুলাই মাসে হাবল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানীরা ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহ আবিষ্কার করেন। নীল রংয়ের গ্রহটির নাম দেওয়া হয় এইচডি ১৮৯৭৩৩বি। তবে গ্রহটি নিয়ে কয়েক সপ্তাহ গবেষণার পরে জানা যায় বর্তমানে প্রচলিত গ্রহসংক্রান্ত তত্ত্ব অনুযায়ী এ গ্রহটির অস্তিত্ব থাকার কথা নয়! এরপর আবিষ্কৃত হয় ৫৭ আলোকবর্ষ দূরে অবস্থিত জিজে ৫০৪বি যা বৃহস্পতি থেকে আয়তনে চারগুণ বড়। মজার তথ্য হচ্ছে এটিও প্রচলিত গ্রহতত্ত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে। এখনও গ্রহদুটি নিয়ে গবেষণা চলছে।

৬. শনি থেকে ক্যাসিনির ছবি

এ বছরের নভেম্বরে নাসা প্রকাশিত একটি ছবিতে শনিগ্রহের সঙ্গে ক্যাসিনি মহাকাশযানের তোলা ছবিটিতে ধারাবাহিকভাবে মঙ্গল, শুক্র, পৃথিবী এবং পৃথিবীর চাঁদকে দেখা যাচ্ছিল। ওয়াইড-অ্যাঙ্গেলে তোলা ১৪১টি ছবি জোড়া দিয়ে অসাধারণ এ ছবিটি তৈরি করা হয়। ১৯৯৭ সালে উৎক্ষেপিত ক্যাসিনি নয় বছর ধরে শনিগ্রহ এবং এর চাঁদগুলো নিয়ে গবেষণা করছে।

৭. স্পেস স্টেশনে গান গাইলেন ক্রিস হ্যাডফিল্ড

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গান গেয়ে পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছেন কানাডিয়ান নভোচারী ক্রিস হ্যাডফিল্ড। হ্যাডফিল্ড সংগীতশিল্পী ডেভিড বাওয়ির স্পেস অডিসি গানটি গাওয়ার সময় ভিডিও করেছিলেন। পরবর্তীতে গানটির ভিডিও ইউটিউবে চলে আসলে রাতারাতি তারকা হয়ে যান এ নভোচারী।

৮. রাশিয়ায় উল্কা বিস্ফোরণ

এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার চেলিবিন্সক অঞ্চলে উল্কা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৯৫০ জনেরও বেশি ব্যক্তি আহত হন এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের আগে উল্কাটির ওজন ছিল আইফেল টাওয়ারের চেয়েও বেশি। এ শতকে এটিই সবচেয়ে বড় বস্তু যা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করেছে।

৯. চাঁদে চীনের রোভার

ডিসেম্বর মাসের শুরুতে চীনাযান চ্যাং ই-৩ উটু নামের রোভার নিয়ে চাঁদে অবতরণ করে। এর ফলে ৩৭ বছর পরে চাঁদের মাটিতে আবারও মহাকাশযান অবতরণ করেছে।

চীন ২০২৫ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এ পদক্ষেপগুলো নিচ্ছে। দেশটি পৃথিবীর কক্ষপথে একটি স্পেস স্টেশনও নির্মাণ করছে।

১০. মহাকাশে বাণিজ্যিক নভোযান

গত বছর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথম বাণিজ্যিক স্পেস প্রতিষ্ঠান স্পেসেএক্স কার্গো নিয়ে গিয়েছিল। এবার অরবিটাল সায়েন্সস নামের দ্বিতীয় আরেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পেস স্টেশনে কোর্গো পৌঁছে দিয়েছে। এ রকম আরও বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে ফোর্বস।

১১. বসবাসের উপযোগী ছিল মঙ্গল

মঙ্গলে অবস্থিত নাসার রোভার কিওরোসিটি বেশকিছু আবিষ্কারের পর মঙ্গলে পানি ছিল এমন প্রমাণ খুঁজে পেয়েছে। এছাড়াও রোভারের আবিষ্কারগুলো থেকে জানা গেছে মঙ্গলে একটা সময় হয়তো প্রাণের অস্তিত্ব ছিল। এ আবিষ্কারের ফলে অনেক মহাকাশ বিজ্ঞানীই এখন বিশ্বাস করছেন শত শত কোটি বছর আগে মঙ্গল ছিল প্রাণী বসবাসের উপযোগী একটি গ্রহ।