২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর রাজক্ষমা পেলেন টিউরিং

মৃত্যুপরবর্তী রাজক্ষমা পেলেন কম্পিউটারের পথিকৃৎ এবং কোড ব্রেকার অ্যালান টিউরিং। যুক্তরাজ্যের আইনমন্ত্রী ক্রিস গ্রেলিংয়ের অনুরোধে রাজকীয় বিশেষ ক্ষমা ব্যবস্থায় তাকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করা হয়, যা ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 05:20 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সমকামিতার অভিযোগে ১৯৫২ সালে এই প্রতিভাধর ব্যক্তিকে শাস্তিস্বরূপ রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া হয়েছিল। এছাড়াও তাকে হারাতে হয়েছিল নিরাপত্তা ক্লিয়ারেন্স এবং বন্ধ করে দিতে হয়েছিল কোড-ক্র্যাকিংয়ের কাজ।

টিউরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর পক্ষে কোড-ক্র্যাকিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কাজ মিত্রবাহিনীর শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল। তার সাহায্যেই মিত্রবাহিনী জার্মান নৌবাহিনীর সংকেতে লেখা মেসেজগুলো এনিগমা মেশিনের মাধ্যমে পড়তে পারতেন।

তার প্রসঙ্গে আইন মন্ত্রী গ্রেলিং বলেন, “ড. টিউরিং ছিলেন প্রতিভাধর মস্তিষ্কের একজন অসাধারণ মানুষ।” গ্রেলিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী টিউরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গবেষণা করেছিলেন তা অনেক মতবিরোধ কমিয়ে এনেছিল এবং এর ফলে বেঁচে গিয়েছিল হাজারো মানুষের জীবন।

গ্রেলিং আরও বলেছেন, “সমকামিতায় জড়িত থাকার অভিযোগে তার পরবর্তী জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল, আমরা বর্তমানে বিবেচনা করতে পারছি, তার শাস্তিটি অবিচার এবং পক্ষপাতমূলক ছিল, যা এখন নাকচ করা হয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, রানির পক্ষ থেকে ক্ষমা এ অসাধারণ মানুষটির জন্য উপযুক্ত একটি শ্রদ্ধাঞ্জলি।

অনেক মানুষ টিউরিংয়ের ক্ষমার জন্য বছরব্যাপী ক্যাম্পেইনও করেছেন। টিউরিং ১৯৫৪ সালের জুনে সায়নাইডের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন। অনেকে মনে করেন তিনি আত্মহত্যা করেছিলেন, কিন্তু তার জীবনীলেখক, বন্ধু এবং শিক্ষার্থীদের মতে বিষয়টি একটি দুর্ঘটনা ছিল।