আদালতের পর্যালোচনায় পর্নো স্ট্রিমিং মামলা
জার্মানির একটি আদালত পর্নো স্ট্রিমিংবিষয়ক মামলাটি পর্যালোচনা করছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিস্তারিত ডেটা হস্তান্তরের জন্য দেশটির একটি ইন্টারেনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকেও আদেশ দিয়েছে আদালত।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এটিই প্রথম মামলা যেটিতে অবৈধভাবে পর্নো ডাউনলোডের বদলে স্ট্রিমিংয়ের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে।
সুইস কপিরাইট প্রতিষ্ঠান আর্কাইভের পক্ষ থেকে আইনি সংস্থা আরমান কিছুদিন আগে দশ হাজারেরও বেশি ব্যক্তিকে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে কপিরাইট আইন লংঘন করে রেডটিউব সাইটের মাধ্যমে পর্নো স্ট্রিমিং করে দেখার জন্য ২৫০ ইউরো জরিমানা করার কথা জানানো হয়েছিল সেসব ব্যক্তিদের। অনেক ব্যক্তিই সে সময় নিজেকে নির্দোষও দাবি করেছিল।
আদালত এক বিবৃতিতে এ মামলা প্রসঙ্গে জানিয়েছে, অভিযোগটি আইনি প্রক্রিয়ায় বিবেচনা করার মতো বেশকিছু অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আদালত আরও জানিয়েছে, স্ট্রিমিং-এর উপর তেমন পরিষ্কার কোনো আইন নেই। এ স্ট্রিমিং মামলাবিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে জানানো হবে বলে জানিয়েছে আদালত।
অন্যদিকে জার্মানির হার্মবার্গ-এর একটি আদালতের মাধ্যমে আরমান এবং আর্কাইভের বিরুদ্ধে ক্ষণস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে তারা কপিরাইট লংঘনের অভিযোগে রেডটিউব গ্রাহকদের আর কোনো চিঠি পাঠাতে না পারে।
এ নিষেধাজ্ঞা প্রসঙ্গে রেডটিউবের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স টেলর জানিয়েছেন, এই বিষয়টি শুধু রেডটিউব গ্রাহকদের বিজয় নয়। বরং সেইসব ব্যক্তিদের বিজয় যারা স্ট্রিমিং ওয়েবসাইট ব্যবহার করেন। এটি একটি পরিষ্কার মেসেজ যে ব্যক্তিগত তথ্যের সুযোগ গ্রহণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সহ্য করা হবে না।
