তৈরি হচ্ছে হাজার মাইল গতির সুপারকার
স্থলভাগে সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙতে তৈরি হচ্ছে ঘন্টায় হাজার মাইলেরও বেশি গতিতে ছুটতে সক্ষম সুপারসনিক গাড়ি ব্লাডহাউন্ড। ব্লাডহাউন্ড তৈরিতে শুরু থেকে ছিলেন একদল ব্রিটিশ ইঞ্জিনিয়ার।
তাদের সঙ্গে এবার যোগ দিয়েছে নরওয়ের প্রতিষ্ঠান ন্যামো। ব্লাডহাউন্ডের ঘণ্টায় হাজার মাইলেরও বেশি দূরত্ব পাড়ি দেওয়ার গতি অর্জনের মূল চাবিকাঠি হবে ন্যামোর তৈরি রকেট ইঞ্জিন।
মার্কিন বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লাডহাউন্ড তৈরির কাজ শেষ হবে ২০১৫ সালে। স্থলভাগে সর্বোচ্চ গতির বর্তমান রেকর্ড (ঘন্টায় ৭৬৩ মাইল) ভাঙতে ব্লাডহাউন্ডে থাকবে রকেট এবং জেট ইঞ্জিন। ব্লাডহাউন্ডকে ঘন্টায় ৩৫০ মাইল গতিতে পৌঁছে দেবে এর রোলস-রয়েস ইউরোফাইটার টাইফুন ইঞ্জিন। তারপর গাড়িটিকে শব্দের থেকেও দ্রুতগতি এনে দেবে ন্যামোর তৈরি রকেট।
প্রপালসন টেকনোলজি খাতে কাজের জন্য বিশ্বজুড়ে সুনাম রয়েছে নরওয়ের প্রতিষ্ঠান ন্যামোর। সামরিক মিসাইল থেকে শুরু করে ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিভিন্ন মহাকাশযানে ব্যবহার হয় প্রতিষ্ঠানটির তৈরি মোটর।
ব্লাডহাউন্ডে ব্যবহার করা হবে ন্যামোর তৈরি ‘হাইব্রিড’ রকেট। রকেটটিতে জ্বালানি হিসেবে থাকবে এইচটিবি বা হাইড্রোক্সিল-টারমিনেটেড পলিবুটাডিয়েন এবং তরল অক্সিডাইজার। দুই ধরনের জ্বলানির মিশ্রণের কারণে রকেটগুলোকে চিহ্নিত করা হয় হাইব্রিড বলে।
