২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর চায়না মোবাইল প্যাকেজে অ্যাপল

চুক্তিবদ্ধ হল চীনা মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান চায়না মোবাইল এবং যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল। বিশ্বের বৃহত্তম ওই মোবাইল অপারেটরের ৭৬ কোটি গ্রাহক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 02:55 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাপল আশা করছে এ চুক্তিটির সাহায্যে তাদের মার্কেট শেয়ার বৃদ্ধি পাবে।

বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহৃত হয় চীনে। প্রায় একশ’ ২০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন দেশটিতে। অ্যাপল অনেকদিন ধরেই চেষ্টা করে আসছে চীনে তাদের স্মার্টফোন বিক্রি বাড়াতে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাপলের জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার।

প্রতিষ্ঠানটির আর্থিক আয়ের প্রধান একটি উৎস হচ্ছে আইফোন। কুক জানিয়েছেন, চায়না মোবাইলের সঙ্গে অংশীদারিত্বটি তাদেরকে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কের গ্রাহকের কাছে আইফোন পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।

চীন প্রথম যে তিনটি প্রতিষ্ঠানকে ৪জি লাইসেন্স দিচ্ছে সেগুলোর মধ্যে চায়না মোবাইল একটি। অন্যদিকে আইফোন ৫সি এবং ৫এস দুটি স্মার্টফোনেই ৪জি নেটওয়ার্ক কাজ করে।

চায়না মোবাইলের গ্রাহকদের জন্য আইফেন ৫সি এবং ৫এস আসবে আগামি ১৭ জানুয়ারি। তবে চায়না মোবাইলের মাধ্যমে যেসব আইফোন ৫সি এবং ৫এস আসবে তার দাম কত পড়তে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি অ্যাপল।