তথ্য প্রকাশ করবে ভেরাইজন
যুক্তরাষ্ট্রে গ্রাহকসেবায় বৃহত্তম মোবাইল অপারেটর ভেরাইজন এ বছর দেশটির আইন প্রয়োগকারী সংস্থার ডেটা ফরমায়েশ তালিকা প্রকাশ করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে গ্রাহকসেবায় বৃহত্তম মোবাইল অপারেটর ভেরাইজন এ বছর দেশটির আইন প্রয়োগকারী সংস্থার ডেটা ফরমায়েশ তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এর ফলে দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএএস-র নজরদারি কর্মসূচীর আরো বিস্তারিত প্রকাশ হচ্ছে সাধারণ নাগরিকদের কাছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, মোট ফৌজদারি মামলার আবেদন থেকে শুরু করে অন্যান্য আইনী দাবি সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে ভেরাইজনের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট অফ পাবলিক পলিসির র্যান্ডাল মিল্চ বলেছেন, “প্রতিবেদনটির উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বচ্ছতা। ক্রেতাদের তথ্য প্রকাশের জন্য সরকারী অনুরোধ ও তাতে আমাদের সাড়াদান সম্পর্কে ক্রেতাদের জানিয়ে রাখা।” তিনি আরও জানিয়েছেন, ২০১৪ সালের প্রথম দিকেই প্রকাশ করা হবে প্রতিবেদনটি।
সার্চ জায়ান্ট গুগল, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, টেক জায়ান্ট অ্যাপল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুসহ বেশকিছু প্রধান ইন্টারনেট প্রতিষ্ঠান ইতোমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরের ‘চাপ প্রয়োগে তথ্য’ আদায়ের নমুনা প্রকাশ করেছে।
