২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল গ্লাসে পলক ফেলেই ছবি ক্লিক

সার্চ জায়ান্ট গুগল তাদের পরিধেয় প্রযুক্তিপণ্য গুগল গ্লাসে নিয়ে এসেছে নতুন আপডেট। এ আপডেটের একটি ফিচারের সাহায্যে গুগল গ্লাস ব্যবহারকারী চোখের পলক ফেলার মাধ্যমেই ছবি তুলতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 04:36 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুগলের দেয়া তথ্যানুযায়ী এ ফিচারটির সাহায্যে ক্যামেরার চেয়েও দ্রুত ছবি তোলা যাবে এবং ডিসপ্লে বন্ধ থাকলেও ফিচারটি কাজ করবে।

গুগল গ্লাসের এ আপডেটটির নাম দেওয়া হয়েছে এক্সই১২। এ আপডেটে স্ক্রিন লক এবং ইউটিউবে ভিডিও আপলোড এবং ভিডিও শেয়ারের ফিচারও রয়েছে। গুগল জানিয়েছে, তাদের গ্লাসের চোখের পলকের সাহায্যে ছবি তোলার ফিচারটি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।

তবে বিশ্লেষকরা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার উপর যে প্রভাব পড়বে সে দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করেছেন, চোখের পলকের সাহায্যে যার ছবি তোলা হবে তিনি হয়তো জানবেনই না যে, তার ছবি তোলা হয়েছে।

এ প্রসঙ্গে পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের ব্যবস্থাপনা পরিচালক মানোজ মেনন জানিয়েছেন, এটি প্রযুক্তির একটি প্রশংসনীয় উন্নতি এবং একে ঘিরে নতুন আবিষ্কারের সম্ভাবনা অগণিত। কিন্ত এটির সঙ্গে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার একটি ইস্যু জড়িত রয়েছে। আর তাই এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন কীভাবে এবং কোন পরিবেশে এ রকম গ্যাজেট খোলামেলাভাবে ব্যবহার করা যাবে।